
প্রেস বিজ্ঞপ্তি : উদারতা যুব ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও মানবিক কর্মকাণ্ডের অন্যতম অনুপ্রেরণা মরহুম আব্দুল্লাহ মাহমুদ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আশাশুনির শ্রীউলাতে ৬০টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তাঁর স্মৃতি ও মানবিক আদর্শকে ধারণ করে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি আব্দুল্লাহ মাহমুদ ফ্যামিলি (এএমএফ)-এর সার্বিক সহযোগিতা ও অর্থায়নে বাস্তবায়ন করে উদারতা যুব ফাউন্ডেশন।
বুধবার, ১৮ ই নভেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে আশাশুনির মাড়িয়ালায় উদারতা যুব ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচির আওতায় শ্রীউলা ইউনিয়নের ৬০টি হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উদারতা যুব ফাউন্ডেশনের সভাপতি মো. জুবায়ের আহম্মেদ শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন আশাশুনি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব সঞ্জীব কুমার দাশ। প্রধান অতিথির বক্তব্যে সঞ্জীব কুমার দাশ বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে যুবসমাজের স্বেচ্ছাসেবী উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে পরিচালিত এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখে। মরহুম আব্দুল্লাহ মাহমুদের স্মরণে তাঁর মানবিক আদর্শকে সামনে রেখে উদারতা যুব ফাউন্ডেশন ও এএমএফের এ যৌথ উদ্যোগ প্রশংসনীয়। তিনি এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
বিতরণ করা প্রতিটি ফুডব্যাগে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ ও ১ লিটার সয়াবিন তেল। সংগঠনের সমন্বয়ক আবু তাহেরের সঞ্চালনায় এবং প্রশাসনিক কর্মকর্তা আল-আমিনের সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচিটি বাস্তবায়িত হয়। এ সময় সংগঠনের সদস্য হারান,আরোয়া, আরিফ, স্বাধীন, নজরুল, সোহেল, সুমনসহ অন্যান্য স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।
মরহুম আব্দুল্লাহ মাহমুদের মানবিক চিন্তা, সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানুষের কল্যাণে কাজ করার স্বপ্নকে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে উদারতা যুব ফাউন্ডেশন এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]