
দেশে গত এক বছরে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের সংখ্যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেশি। এসব রোগীদের মধ্যে ৮৫ শতাংশ পুরুষ, ১৫ শতাংশ মহিলা এবং ১ শতাংশ তৃতীয় লিঙ্গের মানুষ আছেন।
রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪৮ শতাংশ বিবাহিত, ৪৮ শতাংশ অবিবাহিত, ১ শতাংশ বিধবা ও ১ শতাংশ বিবাহ বিচ্ছেদের পর একা বসবাস করেন।
আক্রান্ত ব্যক্তিদের বয়স বিশ্লেষলে দেখা যায় ২৫-৪৯ বছর বয়সীর হার ৬১ শতাংশ; এবং ২০-২৪ বছর বয়সী ২৪ শতাংশ, অন্যান্য বয়সী আছেন ১৫ শতাংশ।
আক্রান্ত ব্যক্তিদের পেশা ও আচরণগত পরিচয় বিশ্লেষণে দেখা গেছে, তাদের মধ্যে ৫০ শতাংশ পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসএম), ১০ শতাংশ নারী যৌনকর্মীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসডব্লিউ), ১ শতাংশ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্য।
এছাড়া ১ শতাংশ নারী যৌনকর্মী এবং ৪ শতাংশ শিরায় মাদক গ্রহণকারী। এ ছাড়া বিদেশফেরত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে ১১ শতাংশ এবং অন্যান্য সাধারণ জনগোষ্ঠীর মধ্যে ১৮ শতাংশ সংক্রমণ শনাক্ত হয়েছে।
দেশে মূলত সরকারি ও উন্নয়ন সহযোগী দ্য গ্লোবাল ফান্ডের অর্থায়নে কার্যক্রম চলমান রয়েছে। সরকারি অর্থায়নে মূলত ২০টি জেলার ২৩টি সরকারি হাসপাতালে এইচআইভি টেস্টিং সেন্টার ও ১৬টি মেডিকেল কলেজ হাসপাতালে ও ৮টি এনজিও পিআর এর ড্রপ ইন সেন্টারে এইচআইভি আক্রান্তদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়।
হাসাপাতলের এইচআইভি কার্যক্রম ভালোভাবে পরিচালনার জন্য ও এইচআইভিতে কর্মসূচিতে অর্থায়ন বাড়ানোর লক্ষে একটি ডিপিপি প্রস্তুত করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]