
সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিম গাজী (২২) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবুবকর সিদ্দিক এ রায় ঘোষণা করেন।
আসামী ইব্রাহিম গাজী এ সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
তিনি কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর গ্রামের শহর আলীর ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, নির্যাতিতা কিশোরী জন্ম থেকেই বাক্ ও শারীরিক প্রতিবন্ধী। মায়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়ায় জন্মের পর থেকেই সে নানির সাথে বসবাস করত।
ঘটনার বিবরণে জানা যায়, গত বছরের ১২ মার্চ সকাল ১০টার দিকে বসতবাড়ির পাশে একটি ঝোপে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে ইব্রাহিম। কিশোরীর গুঙ্গানিতে স্থানীয়রা ইব্রাহিমকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।
এ ঘটনায় কিশোরীর নানি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কলারোয়া থানায় মামলা করেন। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সরকারি কৌশলি আকবর আলী জানান, মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন।
আসামীপক্ষের আইনজীবী ছিলেন এড. নূরুল আমিন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]