
গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। এতে উপজেলার প্রায় ১২ হাজার হেক্টর জমির বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে আমন ধানের বীজতলা। হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগে মাথায় হাত পড়েছে হাজারো কৃষকের।
উপজেলার ১২টি ইউনিয়নের অধিকাংশ এলাকায় বীজতলা পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। বিশেষ করে কপোতক্ষ নদের কাছের ইউনিয়ন গুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, দিয়াড়া, যুগিখালি, জয়নগর, জালালাবাদ । অনেক কৃষক জানান, নতুন করে বীজতলা প্রস্তুত করতে হলে অতিরিক্ত খরচের পাশাপাশি সময়ও লাগবে, যা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. ইনামুল হক বলেন, “টানা বৃষ্টির কারণে বিভিন্ন ফসলের ক্ষতি হলেও ধানের বীজতলাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করছি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থেকে সার্বিক সহায়তা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি।”
অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম (ইউএনও) কৃষকদের আশ্বস্ত করে বলেন, “ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। পানি নিষ্কাশন ও কৃষকদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কৃষকদের এই সংকট মোকাবিলায় প্রশাসন তাদের পাশে রয়েছে।”
স্থানীয় কৃষকরা দ্রুত পানি নিষ্কাশন ও সরকারি সহায়তার দাবি জানিয়েছেন, যাতে তারা পুনরায় চাষাবাদ শুরু করে ক্ষতি কাটিয়ে উঠতে পারেন। বর্তমানে বৃষ্টির পানি কমে গেলেও অনেক এলাকায় জলাবদ্ধতা অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন আজও আমি বিভিন্ন ইউনিয়ন পৌরসভায় পানি নিষ্কাশনের জন্য কাজ করেছি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]