
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চন্দনপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও ইউপি নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী শফিউল আলম শফি।
বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় শফিউল আলম শফি বলেন, দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে চন্দনপুর ইউনিয়নকে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে এগিয়ে নেওয়ার পাশাপাশি মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। সকল দল ও মতের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে আধুনিক, জনবান্ধব ও সেবামূলক ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
তিনি বলেন, সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চান। ইউনিয়নের বিভিন্ন সামাজিক, শিক্ষা ও ক্রীড়া কর্মকাণ্ডের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন। ভবিষ্যতেও এসব কর্মকাণ্ড আরও জোরদার করার পাশাপাশি এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখতে চান।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে চন্দনপুর ইউনিয়নে নতুন ধারার উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম চালু করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি তাঁর সার্বিক কর্মকাণ্ডে সকলের দোয়া কামনা করেছেন। এ সময় প্রেসক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহ্বায়ক এম এ সাজেদসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]