
দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকে কাকডাঙ্গা ছাফেদের মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ।
একসময় ইটের সলিং দিয়ে নির্মিত এ সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হতো পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে।
সড়কটির বেহাল দশা নিয়ে বিভিন্ন সময়ে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিশেষ করে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল কলারোয়া নিউজে একাধিকবার সচিত্র প্রতিবেদন প্রকাশের মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ ও সড়কটির দুরবস্থার চিত্র তুলে ধরা হয়।
অবশেষে সড়কটির কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। নির্মাণকাজের প্রাথমিক কার্যক্রমে সড়কে রোলারসহ বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করতে দেখা গেছে।
স্থানীয়দের প্রত্যাশা, কাজের মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে সড়কটির নির্মাণকাজ সম্পন্ন করা হবে। এতে কেঁড়াগাছি থেকে কাকডাঙ্গা ছাফেদের মোড় পর্যন্ত যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
দীর্ঘদিনের দাবি ও ভোগান্তির পর সড়কটির উন্নয়নকাজ শুরু হওয়ায় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে কাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ে নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়েছেন তাঁরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]