
সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর আলম মনি নামে এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোবিন্দকাটি গ্রামের জাহাঙ্গীর আলম মনি'র বসতবাড়ির দক্ষিণ পাশে একটি পুরোনো ঘরের সামনে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৪ কেজি গাঁজাসহ গোবিন্দপুর গ্রামের মৃত জোহর আলীর স্ত্রী রাশিদা বেগমকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম মনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ শাহিনুর রহমান বলেন, উপজেলার ১২টি ইউনিয়নে মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তুলতে পুলিশ প্রশাসন দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। মাদক কারবারি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিপন্থী যেকোনো তৎপরতার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেন তিনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]