
সাতক্ষীরার কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে চলমান বিরোধের শান্তিপূর্ণ ও আইনসম্মত সমাধানের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) কৃষ্ণনগর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে উপজেলার কৃষ্ণনগর গ্রামের আব্দুস সাত্তার গাজীর লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে মতিউর রহমান।
লিখিত বক্তব্যে বলা হয়, কৃষ্ণনগর গ্রামের একটি জমি নিয়ে একই গ্রামের রবিউল ইসলামসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই জমিতে আব্দুস সাত্তার গাজীরও বৈধ স্বত্ব ও অংশ রয়েছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে সাতক্ষীরার কালিগঞ্জ সিভিল জজ আদালতে ৭২/২৬ নম্বর মামলা চলমান রয়েছে। মামলাটি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দায়ের করা হয়েছে বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।
সম্প্রতি ওই জমিতে ধান রোপণে বাধা দেওয়ার ঘটনায় আব্দুস সাত্তার গাজীকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। লিখিত বক্তব্যে তিনি অভিযোগটি সঠিক নয় বলে দাবি করেন। তার ভাষ্য, তিনি কোনো আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন এবং জমি সংক্রান্ত বিরোধের সমাধান আদালতের মাধ্যমে করতে চান।
সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য গ্রহণ, আদালতের নথি ও জমির কাগজপত্র যাচাই করে বস্তুনিষ্ঠভাবে সংবাদ প্রকাশ ও একই সঙ্গে চলমান বিরোধের শান্তিপূর্ণ সমাধানে আইনগত প্রক্রিয়ার ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]