
খুলনা মহানগর পুলিশের অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২১ জুন) সকালে নগরীর সোনাডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের একটি দল সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে বয়রা বাসস্ট্যান্ড সংলগ্ন ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ মাদক বহন করা হচ্ছে এমন তথ্য পেয়ে ওই এলাকায় অবস্থান নেয় পুলিশ।
পরে বলেশ্বর পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন এক নারী যাত্রীকে আটক করা হয়। তার বহন করা ব্যাগ তল্লাশি করে ১২.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নারী হলেন পারভীন আক্তার (৩২)। তিনি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বল্লভপুর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-২৩, জিআর নম্বর-১৪৬ (তারিখ: ২১ জুন ২০২৬)। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]