
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘দেশ পরিচালনার দায়িত্ব এমন নেতৃত্বের হাতে তুলে দিতে হবে, যাদের কাছে দেশের সম্পদ ও মা–বোনের সম্মান নিরাপদ থাকবে। চাঁদাবাজি ও টেন্ডারবাজির মতো অনিয়ম বন্ধ হবে।’
তিনি বলেন, ‘আমরা এমন কাউকে নেতৃত্বে দেখতে চাই না, যাদের হাতে মানুষের জানমাল ও সম্মান নিরাপদ নয়।’
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সাতক্ষীরার কলারোয়া ফুটবল মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী গণজমায়েতে তিনি এ কথা বলেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. কামারুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলাল।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা–১ (তালা–কলারোয়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নূরুল হুদা, নির্বাচনী আসন পরিচালক ডাক্তার মাহমুদুল হক, সচিব মাওলানা মো. ওসমান গনী, জাকসু এজিএস মাসুদ রানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হকলের ভিপি আহসান হাবীব ইমরোজ প্রমুখ।
সাদিক কায়েম বলেন, ‘আগামীর বাংলাদেশ গড়ার এই নির্বাচনে জামায়াতে ইসলামী কোনো একক ব্যক্তির বিজয়ের জন্য নয়; বরং দেশের ১৮ কোটি মানুষের বিজয়ের লক্ষ্য নিয়েই কাজ করছে।’
তিনি আরো বলেন, ‘অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ নির্বাচিত হলে এলাকার সাধারণ মানুষের জানমাল ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে। পাশাপাশি চাঁদাবাজি ও টেন্ডারবাজির মতো অনিয়ম বন্ধ হবে এবং সবার সম্পদ ও সম্মান সুরক্ষিত থাকবে।’
সমাবেশে জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]