
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের দক্ষিণ ঘোনা গ্রামে পারিবারিক বিরোধের জেরে বসতবাড়ির পেছনে পুকুর খনন করে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগীর বসতঘর যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ভুক্তভোগী দক্ষিণ ঘোনা গ্রামের মৃত বছির মোড়লের ছেলে মো. আফছার আলী মোড়ল। তিনি অভিযোগ করে জানান, তার ভাই মো. আকছেদ আলী মোড়ল পূর্ব শত্রুতার জেরে তার বসতঘরের পেছনে পুকুর খনন করে ঘরের একেবারে কাছাকাছি পর্যন্ত মাটি কেটে নিয়েছেন। এতে বসতঘরটি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। এছাড়া তার দুটি লিচু গাছ জোরপূর্বক কেটে ফেলেছেন এবং বাড়ির উঠানের জায়গা দখল করে বেড়া দিয়ে ঘিরে নিয়েছেন বলেও তিনি অভিযোগ করেন।
পেশায় ভ্যানচালক আফছার আলী মোড়ল বলেন, "আমি একজন গরিব শ্রমিক। ভ্যান চালিয়ে সংসার চালাই। আমার বসতঘর এখন ঝুঁকির মধ্যে রয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে গত ২০ জুলাই তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেছি।"
তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে পাঠিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত মো. আকছেদ আলী মোড়লের বক্তব্য জানা সম্ভব হয়নি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]