
সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সবার দায়িত্ব।
রবিবার (১৮ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তের সভাপতিত্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের ধর্মীয় অনুষ্ঠান উদ্যাপনে কোনো ধরনের বাধা সৃষ্টি হোক, তা তাঁরা চান না। পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মধ্য দিয়ে সবাইকে একসঙ্গে বসবাস করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই-পরবর্তী কঠিন পরিস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা তাঁদের পাশে থাকার চেষ্টা করেছেন। এবারও পূজামণ্ডপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
অনুষ্ঠানে সংসদ সদস্য জানান, সাতক্ষীরায় ১১১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিটি মণ্ডপে ২৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সদস্য সচিব
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, সাতক্ষীরা শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি খোরশেদ আলম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শহিদ হাসান, সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু তালেব প্রমূখ।
অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]