
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি ইন্টেলিজেন্স (ডিজিএমআই) লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত।
নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক এবং ভারতে অবস্থানরত প্রতিরক্ষা উপদেষ্টা ও অ্যাটাশেগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান ও দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রতিরক্ষা উপদেষ্টা উইং কমান্ডার মুহাম্মদ নাজমুল হক। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ, মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন।
ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান তার বক্তব্যে মুক্তিযুদ্ধের শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সততা, সাহসিকতা ও অঙ্গীকারের গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরেন।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ়করণ ও শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের বিষয়টি স্মরণ করেন।
প্রীতি রহমান জানান, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে সশস্ত্র বাহিনীর ঐতিহ্য সমুন্নত রাখার পাশাপাশি ভবিষ্যতের প্রযুক্তিগত ও কৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীকে প্রস্তুত করতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অঙ্গীকার রয়েছে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতীয় জনগণ ও সামরিক সদস্যদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রীতি রহমান। বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে গভীর ও বহুমাত্রিক উল্লেখ করে তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও সমৃদ্ধির অভিন্ন আকাঙ্ক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বন্ধু ও অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।
প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘দুই দেশের এ সম্পর্ক পারস্পরিক আস্থা, উপলব্ধি ও শ্রদ্ধাবোধের ভিত্তিতে গড়ে উঠেছে। আগামী দিনে প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।’
তিনি বাংলাদেশ ও ভারতকে ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ স্বাভাবিক অংশীদার হিসেবে অভিহিত করেন।
কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয়। পরে আমন্ত্রিত অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]