
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন বানচাল করতে নির্বাচনের আগে মাফিয়া দল আওয়ামী লীগ আরও হত্যাকাণ্ড চালাতে সচেষ্ট থাকবে। তাদেরকে প্রতিবেশী রাষ্ট্র থেকে সহায়তা দেওয়া হবে।
শনিবার (৩ জানুয়ারি) ভোলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, হত্যাকাণ্ডের নেতৃত্বদানকারী স্বৈরশাসক শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠাতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বাংলাদেশের নাগরিককে হত্যা করে, গণতন্ত্রকামী মানুষের জীবন বিনষ্ট করে তারা ভারতে প্রবেশ করছে কোনো বাধা ছাড়াই। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করব, যারা এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে।’
হাফিজ উদ্দিন বলেন, ১৬ বছর আগে যিনি ভোটার হয়েছিলেন, বিগত নির্বাচনে স্বৈরশাসনের কারণে তার ভোটাধিকার প্রয়োগ করতে ব্যর্থ হয়েছেন। এখন মাফিয়া সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
এ সময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাছত, তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]