
নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং সিস্টেমের কারিগরি সহায়তা নেবে দেশটির নির্বাচন কমিশন।
বুধবার আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং সিস্টেম নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে নেপালের নির্বাচন কমিশনার ড. রাজিব সুব্বা এ কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী প্রাদেশিক নির্বাচনে আউট অফ কান্ট্রি পোস্টাল ভোটিং ব্যবস্থা চালুর বিষয়ে কাজ করছি। এক্ষেত্রে বাংলাদেশ কীভাবে সফল হয়েছে, তা আমরা বোঝার চেষ্টা করছি।
নেপালের নির্বাচন কমিশনার বলেন, বাংলাদেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠী বিদেশে অবস্থান করে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে জাতীয় জিডিপিতে অবদান রাখছেন। নেপালের প্রেক্ষাপট অনেকটা এরকমই। তাই দেশের বাইরে বসবাসরত নাগরিকদের জন্য এই ধরনের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমরা ‘বাংলাদেশ মডেলটি’ বোঝার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, বাংলাদেশের অভিজ্ঞতা থেকে আমরা ভুলগুলো সম্পর্কে জানতে পেরেছি। আমাদের বাড়তি সুবিধা হলো, প্রযুক্তিটি আগেই পরীক্ষিত। তাই প্রক্রিয়ার কিছু ধাপ দ্রুত পার হতে পারব। আমার বিশ্বাস, বাংলাদেশের চেয়েও ভালো কিছু করতে পারব, কারণ আমাদের পর্যাপ্ত সময় রয়েছে।
তিনি জানান, নেপালে ২০ থেকে ৪০ মিলিয়ন প্রবাসী ভোটার রয়েছেন। এক্ষেত্রে একমাত্র চ্যালেঞ্জ হতে পারে ভোটার সচেতনতা।
এর আগে বেলা ১১টা দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করে নেপালের নির্বাচন কমিশনের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল।
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য চারজন নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন।
অপরদিকে নেপালের প্রতিনিধিদলে ছিলেন দেশটির নির্বাচন কমিশনার ড. জানকী কুমারী তুলাধর ও ড. রাজিব সুব্বা, সেক্রেটারি কৃষ্ণ প্রসাদ কাপরী, সিনিয়র কম্পিউটার অফিসার অনুপ নৌপানে, ডেপুটি অ্যাটর্নি কমলা কাফলে ও ইউএনডিপির প্রতিনিধি প্রভাত কুমার।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]