
চীনের শেনজেনে এক জমকালো নৈশভোজের আগে লালগালিচায় প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে।
এ সময় পুতিন ও ট্রাম্প পরস্পরের সঙ্গে করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করেন এবং একে অপরের কাঁধে হাত রাখেন। রাশিয়ার ক্রেমলিন পুল টিমের টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, পুতিন এগিয়ে আসার সময় ট্রাম্প, শি জিনপিং ও তার স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন এবং পরে তারা পারিবারিক ছবিতে অংশ নেন।
২০২৫ সালের আগস্টে আলাস্কায় রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলনের পর এই প্রথম ট্রাম্প ও পুতিনের সরাসরি সাক্ষাৎ হলো। একই সঙ্গে বিশ্ব রাজনীতির এই তিন শীর্ষ নেতাকে এই প্রথম একসঙ্গে দেখা গেল। বৃহস্পতিবার বিকেলে তাদের মধ্যে একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে শেনজেন বিমানবন্দরে ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানান শি জিনপিং, যা বিদেশি কোনো রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে অত্যন্ত বিরল ঘটনা। অন্যদিকে চীনে পৌঁছানোর পর পুতিনকে পুরনো বন্ধু বলে সম্বোধন করেন শি। পুতিনের এই সফরকে ইতোমধ্যে রুশ সংবাদমাধ্যমগুলো বড় কূটনৈতিক বিজয় হিসেবে আখ্যা দিয়েছে।
উৎপাদন ও উন্নত প্রযুক্তির কেন্দ্র শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের নিয়ে শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে চীন। এই সম্মেলনে যোগ দেওয়ার আগে ফিলিপাইনে আরেকটি শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে সাক্ষাৎ শেষে চীনে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]