
নগদ লেনদেন কমিয়ে ডিজিটাল ব্যবস্থার বিস্তার ঘটানো গেলে কর ফাঁকির সুযোগ সংকুচিত হবে। বাংলা কিউআর পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে বছরে প্রায় ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তার মতে, রিকশাচালক থেকে ক্ষুদ্র ব্যবসায়ী, সবার লেনদেন ডিজিটাল ব্যবস্থায় আনাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
শনিবার (১০ সেপ্টেম্বর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে ওয়ান ব্যাংক আয়োজিত বাংলা কিউআর কোড চালু অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, বর্তমানে ভ্যাট ও আয়কর থেকে সরকার রাজস্ব পেলেও নগদ লেনদেনের প্রবণতার কারণে কর ফাঁকির সুযোগ থেকে যাচ্ছে। পণ্য বা সেবা কেনাবেচায় অনেকেই কার্ড কিংবা ডিজিটাল মাধ্যমে অর্থ গ্রহণে অনাগ্রহী। বাংলা কিউআর চালু ও এর ব্যবহার বাড়ানো গেলে এ পরিস্থিতিতে বড় পরিবর্তন আসতে পারে।
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ব্যবস্থার পরিধি বাড়ানোর কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ধাপে ধাপে অল্প সময়ের মধ্যেই এ ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে রিকশাচালকদেরও ডিজিটাল লেনদেনের আওতায় আনার লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনেও কিউআর কোড ব্যবহারের সুযোগ থাকবে। ফলে রিকশাভাড়া কিংবা ছোট অঙ্কের কেনাকাটার মতো দৈনন্দিন লেনদেনও সহজে ডিজিটাল মাধ্যমে করা সম্ভব হবে।
গভর্নর আরও বলেন, ডিজিটাল লেনদেনের সঙ্গে তথ্য আদান-প্রদানসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। এসব ব্যবস্থার সমন্বিত বাস্তবায়ন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]