
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ এর লিডার্স সামিটে যোগ দিতে সম্মেলনস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তিনি সম্মেলনস্থলে পৌঁছান। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তার সাক্ষাৎ ও মতবিনিময় হয়।
সম্মেলনের দ্বিতীয় দিনে বিশ্বনেতাদের সঙ্গে একাধিক আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী। এদিন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ ও চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এ ছাড়া শূন্য বর্জ্য, সার্কুলার অর্থনীতি ও মিথেন নিঃসরণবিষয়ক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
সকালে সম্মেলনস্থলে পৌঁছানোর পর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ও করমর্দনের কর্মসূচি ছিল। তুরস্কের প্রেসিডেন্ট ও জাতিসংঘের মহাসচিবের সঙ্গেও তার করমর্দনের কথা রয়েছে। পরে রাষ্ট্র ও সরকারপ্রধানদের পারিবারিক ছবি তোলার অনুষ্ঠান এবং লিডার্স সামিটের উদ্বোধনী অধিবেশনে অংশ নেবেন তিনি।
দিনের গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে রয়েছে উজবেকিস্তান ও চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক। দুপুর ২টা ৪০ মিনিটে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে এবং বিকাল ৪ টায় চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
এদিকে বিকালে শূন্য বর্জ্য ব্যবস্থাপনা, সার্কুলার অর্থনীতি ও মিথেন নিঃসরণ নিয়ে বিশেষ গোলটেবিল বৈঠকে অংশ নেবেন তিনি। তুরস্কের ফার্স্ট লেডির সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এর আগে মঙ্গলবার তিনদিনের সফরে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। কপ-৩১ এর লিডার্স সামিটে অংশ নিতেই তার এ সফর।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]