
কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ও বিভিন্ন গ্রামীণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের পরিবার। পাশাপাশি মাঠে থাকা আমন ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
বিশেষ করে ধান পাকার মৌসুমে টানা বৃষ্টিতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। জমিতে পানি জমে থাকায় ধানগাছ হেলে পড়া, পাকা ধানে পচন ধরা এবং কাটা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
কুশোডাঙ্গা গ্রামের কৃষক আলমগীর হোসেন জানান, সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের পেছনে অনেক টাকা ব্যয় করে আমন ধানের আবাদ করেছেন। এখন ধান ঘরে তোলার সময় বৃষ্টিতে জমিতে পানি জমেছে। এতে উৎপাদন খরচ তুলে আনা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে।
কামারালী গ্রামের কৃষক হযরত আলী বলেন, ধান পাকার সময় এমন বৃষ্টি কৃষকদের জন্য বড় বিপদ। জমিতে পানি জমে থাকায় ধান কাটা ও পরিচর্যার কাজ ব্যাহত হচ্ছে। দ্রুত পানি না নামলে ফলন কমে যাওয়ার পাশাপাশি কাটা ধানও নষ্ট হতে পারে। ঘড়িকিনুন
এদিকে বৃষ্টির কারণে দিনমজুর ও শ্রমজীবী মানুষের আয়-রোজগার কমে গেছে। কাঁচা রাস্তা ও চলাচলের পথ কর্দমাক্ত হয়ে পড়ায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে।
কলারোয়া বাজারের ভ্যানচালক ফারুক হোসেন বলেন, প্রতিদিন ভ্যান চালিয়ে ৪০০ থেকে ৫০০ টাকা আয় করলেও গত দুই দিনের বৃষ্টিতে ২০০ টাকাও উপার্জন করতে পারেননি। এ অবস্থা আরও কয়েক দিন চললে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।
উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম শুক্রবার সাংবাদিকদের জানান, বৃষ্টিতে আমন ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। যেসব জমিতে পানি জমেছে, সেখান থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ধানগাছের অবস্থা পর্যবেক্ষণ এবং রোগবালাই দেখা দিলে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। দ্রুত পানি নিষ্কাশন করা না গেলে কৃষিতে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]