
ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) দলীয় সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল।
ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মুনতারিন ফেরদৌস ডরিনের বাবার নাম প্রয়াত আনোয়ারুল আজীম আনার এবং মায়ের নাম ইয়াসমিন ফেরদৌস। তার স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তিনি রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানিয়েছে, ডরিন নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রলীগের পলাতক নেতাকর্মীদের সঙ্গে ডরিনের সার্বক্ষণিক যোগাযোগ ছিল।
২০২৪ সালের ১২ মে ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে পূর্বপরিচিত গোপাল বিশ্বাসের বরানগরের বাসায় ওঠেন তৎকালীন এমপি আনোয়ারুল আজীম আনার। পরদিন ১৩ মে চিকিৎসা করাতে যাবেন বলে ওই বাসা থেকে বের হন তিনি। কিন্তু ওই দিন রাতেই নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের বহুতল আবাসনের ‘বিইউ-৫৬’ ডুপ্লেক্স ফ্ল্যাটে তিনি হত্যাকাণ্ডের শিকার হন বলে অভিযোগ উঠে।
তবে ঘটনার আড়াই বছর পার হলেও এখনো হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি বাংলাদেশ বা ভারতের কোনো তদন্ত সংস্থা। কোনো দেশের আইনশৃঙ্খলা বাহিনীই বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের স্পষ্ট কারণ এখনো উদঘাটন করতে পারেনি।
আনোয়ারুল আজীম আনার আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪ সালে ঝিনাইদহ-৪ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীকালে ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনেও আসনটি ধরে রাখেন তিনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]