
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় সুরত আলী (৫৫) নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজগঞ্জ-ত্রিমোহনী সড়কের শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সুরত আলী শাহাপুর গ্রামের মৃত মহাতাব মোড়লের ছেলে। তিনি মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের (রামপুর, শাহাপুর ও হাকিমপুর) সাবেক সদস্য ছিলেন।
স্থানীয় সার ব্যবসায়ী শাহজাহান কবীর বলেন, সুরত আলী নিজের মোটরসাইকেল নিয়ে বাড়ির সামনের মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ত্রিমোহনীর দিক থেকে দুই তরুণ একটি মোটরসাইকেলে করে আসছিলেন। দ্রুতগতির মোটরসাইকেলটি পেছন থেকে সুরত আলীকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই তরুণও পড়ে গিয়ে আহত হন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, মোটরসাইকেলের দুর্ঘটনায় সাবেক এক ইউপি সদস্য মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]