
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাস, গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না। যারা অতীতে সন্ত্রাস, অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি করেছে, তাদের আর সেই সুযোগ দেওয়া যাবে না। এসব অপরাজনীতির বিরুদ্ধে দেশের গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে।
দেশের অধিকাংশ জায়গায় নৈরাজ্য সৃষ্টিকারীদের উদ্দেশে তিনি বলেন, এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে, আর নয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে দিনব্যাপী তিনটি পৃথক কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সকালে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান, দুপুরে মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় এবং বিকেলে ‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় করেন সরকারপ্রধান।
দুপুরে জেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, তারা এমন রাজনীতি করতে চান, যে রাজনীতির মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। খালখনন, শিল্প-কলকারখানা প্রতিষ্ঠা, উৎপাদন বৃদ্ধি, কৃষির উন্নয়ন, মানুষের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই তাদের রাজনীতির লক্ষ্য।
লালমনিরহাটের মানুষের উদ্দেশে তিনি বলেন, এ জেলার মানুষ বরাবরই গণতন্ত্রের পক্ষে এবং সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আগামী দিনেও তারা একই অবস্থানে থাকবে বলে প্রত্যাশা করেন তিনি। একই সঙ্গে দেশের গণতন্ত্রকামী ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে তারেক রহমান বলেন, ১৬ বছর ধরে যারা জনগণের বুকে বন্দুক তাক করে ক্ষমতায় ছিল, তারা আবারও ষড়যন্ত্র করছে। যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশের প্রভুদের খুশি করতে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানো হচ্ছে। ছাত্র-জনতা জীবন দিয়ে যে ভোটের অধিকার, কথা বলার অধিকার এবং গুম-খুন বন্ধের প্রত্যাশা প্রতিষ্ঠা করেছে; সেই অধিকার আবারও কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।’
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে।
অর্থপাচারের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ে প্রতিবছর লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দেশের দুস্থ, অসহায় ও গরিব মানুষের অর্থ বিদেশে পাচার করে তারা আরাম-আয়েশে জীবনযাপন করেছে। দেশের স্বার্থ ও মানুষের কল্যাণের কথা না ভেবে নিজেদের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে।
এর আগে সকাল ১০টায় অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬ এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করবে বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে অন্যের প্রযুক্তির ওপর নির্ভর না করে দেশের তরুণদের মেধা, উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগানো হবে।
দিনের শেষ কর্মসূচিতে বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি সংগঠনটির বিভিন্ন সামাজিক ও ইতিবাচক কার্যক্রমের প্রশংসা করেন এবং এ উদ্যোগ দেশের বাকি ৬৩ জেলায় ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতায় তিনি দেখেছেন, সব সমস্যার সমাধান কেবল আইনের মাধ্যমে সম্ভব নয়। সামাজিক সংগঠনের মাধ্যমে মানুষ ঐক্যবদ্ধ হয়ে অনেক সমস্যার সমাধান করতে পারে। তার মতে, ‘আলোকিত লালমনিরহাট’ যে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, তা দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে দেওয়া প্রয়োজন।
‘আলোকিত লালমনিরহাট’-এর সভাপতি ও জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
দিনব্যাপী প্রধানমন্ত্রীর এসব কর্মসূচিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনসহ রংপুর বিভাগের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সরকারি কর্মসূচি শেষে বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হন।
লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
এক দিনের সরকারি সফর শেষে লালমনিরহাট থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে লালমনিরহাট এয়ারফিল্ড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
সফরকালে লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তারেক রহমান। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করেন।
পরে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ ছাড়া জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানেও অংশ নেন প্রধানমন্ত্রী।
বিএনপির নেতা হিসেবে প্রায় ২২ বছর আগে তারেক রহমান লালমনিরহাট সফর করেছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম লালমনিরহাট সফর।
[embed]https://kalaroanews.com/%e0%a6%85%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%a6/[/embed]
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]