
সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদের মতামত নেওয়া এবং তাদের প্রশ্ন করার অবাধ সুযোগ তৈরি করা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, প্রশ্ন করার চর্চাই জ্ঞান, বিজ্ঞান ও দর্শনের মূল ভিত্তি। তরুণদের মধ্যে কৌতূহল, নতুন কিছু জানার আগ্রহ ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে পারলে তা জ্ঞানভিত্তিক ও বিজ্ঞানমনস্ক সমাজ গঠনের পাশাপাশি জাতীয় পরিকল্পনা প্রণয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শনিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মুজাফ্ফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘আইডিয়া ফেস্ট’র চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, তরুণদের প্রশ্ন করার সুযোগ দিলে তাদের মধ্যে নতুন নতুন ধারণা ও চিন্তার জন্ম হবে। সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসা এসব ধারণাকে কাজে লাগিয়ে দেশের সংকট নিরূপণ এবং সমাধানের পথ খুঁজে বের করা সম্ভব। এ জন্য শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে সীমাবদ্ধ না থেকে বন্ধু-বান্ধব ও সহপাঠীদের সঙ্গে দেশ, সমাজ ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা করার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়গুলোয় মতপ্রকাশের স্বাধীনতার সংকোচনের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে বিশ্ববিদ্যালয়গুলোতেও কথা বলার সুযোগ সীমিত ছিল। কর্তৃত্ববাদী শাসনের চাপ ও নানা প্রতিকূলতার মধ্যেও জিয়াউর রহমান ফাউন্ডেশন শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন উদ্যোগ অব্যাহত রেখেছে। আইডিয়া ফেস্টের মাধ্যমে তরুণদের মধ্যে কৌতূহল সৃষ্টি এবং সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোর উদ্যোগ ভবিষ্যতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, প্রতিকূল রাজনৈতিক পরিবেশেও সংগঠনটি সামাজিক ও সেবামূলক কার্যক্রম চালিয়ে গেছে। অতীতে ভার্চুয়াল বিজ্ঞান মেলার আয়োজন এবং কোভিড-১৯ মহামারি ও ডেঙ্গু প্রাদুর্ভাবের সময় জনস্বাস্থ্যবিষয়ক উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে সাতটি দল নিজেদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। কৃষি, স্বাস্থ্য, বাণিজ্যসহ জাতীয় বিভিন্ন সমস্যা সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে তারা নিজেদের প্রস্তাব তুলে ধরে।
আইডিয়া ফেস্ট আয়োজক কমিটির সদস্যসচিব অধ্যাপক সোহাগ আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ ছাড়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]