
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে দলটির নেতাকর্মীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
জানা যায়, গত ২৪ থেকে ২৬ নভেম্বর গ্রেপ্তার করা হয় তাদের। অধিকতর তদন্ত চলাকালে ছয়জনকেই জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেনি পুলিশ।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ ব্যবস্থাপক ন্যান্সি বাউহার্স্ট এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকার হাই রোডে অবস্থিত মে ফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে আওয়ামী লীগের কর্মী–সমর্থকেরা গাছের ডাল দিয়ে ব্যাপক মারধর করেন এনসিপি নেতাকর্মীদের।
মেট্রোপলিটন পুলিশ জানায়, ঘটনার দিন রাত ৯টা ৫৯ মিনিটে হাই রোডে বিশৃঙ্খলা চলছে এবং তাতে প্রায় ৫০ জন পুরুষ জড়িত বলে খবর পায় পুলিশ। তাদের মধ্যে কয়েকজন সহিংসতায় জড়িয়ে পড়েন, বিভিন্ন বস্তু নিক্ষেপ করেন এবং সম্পত্তির ক্ষতিসাধন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ছত্রভঙ্গ হয়ে যান।
এ ঘটনায় আহত তিনজনকে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের আঘাত গুরুতর ছিল না।
পুলিশ বলছে, সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ব্যাপকভাবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনাসহ তদন্ত কার্যক্রম চালানো হয়েছে। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বয়স যথাক্রমে ২৩, ২৪, ২৫, ৩১, ৩৮ ও ৪৯ বছর।
জানা যায়, যুক্তরাজ্যের ১৯৮৬ সালের জনশৃঙ্খলা আইনের (পাবলিক অর্ডার অ্যাক্ট) ২ নম্বর ধারার আওতায় সহিংস বিশৃঙ্খলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় তাদের। তবে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে কোনো তথ্য জানায়নি পুলিশ।
এদিকে তদন্তের নেতৃত্বে থাকা লন্ডন মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর স্টিভ মালকাহি বলেন, ‘এই সহিংস বিশৃঙ্খলা রেডব্রিজের স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকেই নিজেদের বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছিলেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে বিশৃঙ্খলাকারীরা সেখান থেকে চলে যান। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আমার দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
তবে সংঘর্ষের ঘটনায় এনসিপির কোনো নেতা-কর্মী গ্রেপ্তার হওয়ার খবর সম্পূর্ণ অস্বীকার করেছে দলটি।
এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এহতেশামুল হক জানান, তাদের দলের কেউ গ্রেপ্তার হননি।
অন্যদিকে আওয়ামী লীগের অনলাইন অ্যাকটিভিস্ট সুশান্ত দাস বলেন, ‘আমাদের ছয়-সাতজনকে পুলিশ ফোন করে থানায় যেতে বলেছিল। আমি শুক্রবার বেলা তিনটায় পুলিশ স্টেশনে গিয়ে আমার সাক্ষাৎকার দিয়ে আসি। রাত ১০টায় তারা আমাকে ছেড়ে দেয়।’
এসময় আমি শুনেছি, অন্যদেরও পুলিশ ছেড়ে দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
মেট্রোপলিটন পুলিশ বলছে, সংঘর্ষের ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে সহায়ক হতে পারে, এমন সিসিটিভি ক্যামেরা বা গাড়ির ড্যাশক্যামের ফুটেজ কারও কাছে থাকলে ১০১ নম্বরে যোগাযোগ করে CAD 7004/16NOV রেফারেন্স নম্বরটি উল্লেখ করার আহ্বান জানিয়েছে পুলিশ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]