
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদসহ ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। একই সঙ্গে তাঁদের নিজ নিজ সাংগঠনিক পদে পুনর্বহাল করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্ব স্ব পদে পুনর্বহাল করা হয়েছে।
পুনর্বহাল হওয়া নেতারা হলেন, যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, পাবনার ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েল, ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হোসেন আতিয়ার, মো. শরিফুল ইসলাম রিপন, মো. আক্তার রাজু এবং সদস্য মো. মতিয়ার রহমান।
এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাঁদের দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে সংশ্লিষ্ট নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনা করে কেন্দ্রীয় যুবদল তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
শহিদুল ইসলাম শহীদ স্বপদে পুনর্বহাল হওয়ার খবরে শার্শা উপজেলা যুবদলের নেতাকর্মী ও তাঁর অনুসারীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয় সাধারণ মানুষের প্রত্যাশা, তিনি আগের মতোই এলাকার মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখবেন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]