
যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা স্বর্ণের ওজন ৩ কেজি ৪৩৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। এ সময় স্বর্ণ পাচারে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন।
আটক রিপন হোসেন শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় রুদ্রপুর সীমান্ত এলাকায় সন্দেহভাজন একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালান বিজিবি সদস্যরা।
এ সময় মোটরসাইকেলচালক রিপন হোসেনের কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে স্বর্ণ ও পাচারকাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]