
দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন 'অধিকার'-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা শহরের একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
'অধিকার'-এর সাতক্ষীরা জেলা কো-অর্ডিনেটর সাংবাদিক মুজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও অধিকার কর্মী সাংবাদিক শাহজাহান আলীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী সাংবাদিক ফিরোজ হোসেন, মোহিনী পারভীন, খান নাজমুল হোসাইন, সাংবাদিক কামরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার আহবায়ক আরাফাত হোসেন, সাংবাদিক দেলোয়ার হোসেন, সাংবাদিক হাফিজুল ইসলাম,'অধিকার টিম সাতক্ষীরা'-এর সদস্যবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সাংবাদিক মুজাহিদুল ইসলাম বলেন, "১৯৯৪ সালের অক্টোবরে প্রতিষ্ঠার পর থেকেই 'অধিকার' বাংলাদেশে মানবাধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং পিছিয়ে পড়া মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মুখেও সংগঠনটি তার নীতি থেকে বিচ্যুত হয়নি। মাঠপর্যায়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বস্তুনিষ্ঠ অনুসন্ধান, তথ্যচিত্র তৈরি ও অ্যাডভোকেসি কার্যক্রমের মাধ্যমে 'অধিকার' আজ দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।" তিনি সাতক্ষীরাসহ দেশজুড়ে মানবাধিকার সুরক্ষায় সাংবাদিকদের আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভায় অন্যান্য বক্তারা 'অধিকার'-এর দীর্ঘ ৩২ বছরের গৌরবময় পথচলাকে সাধুবাদ জানান এবং এর গণতান্ত্রিক রূপরেখা বাস্তবায়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সংগঠনটির চলমান কার্যাক্রমের প্রশংসা করেন। বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে এবং যেকোনো ধরণের বিচারবহির্ভূত কর্মকাণ্ড ও নির্যাতনের বিরুদ্ধে 'অধিকার'-এর মতো স্বাধীন মানবাধিকার সংগঠনের উপস্থিতি অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত সুধীজন ও মানবাধিকার কর্মীরা আগামী দিনগুলোতেও সাতক্ষীরা জেলায় যেকোনো প্রকার মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং 'অধিকার'-এর হাতকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। কেক কাটা এবং উপস্থিত সকলের মাঝে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন শেষ হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]