
সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকার গৃহবধূ ইনা পারভীন চন্দনা (৩৫) গুমের প্রধান আসামি তার স্বামী শীর্ষ মাদক চোরাকারবারি, সন্ত্রাসী রবিউল ইসলাম রবি ওরফে ভেন্ডার রবি'কে আটক করেছে পুলিশ।
গত ৪ সেপ্টেম্বর শুক্রবার ভোররাতে সদর থানা পুলিশ তাকে আটক করে আদালতে পাঠায়। গুমের শিকার গৃহবধু চন্দনা সাতক্ষীরা শহরের শীর্ষ মাদক চোরাকারবারি রবিউল ইসলাম রবি'র দ্বিতীয় স্ত্রী। ও তালার শিবপুর গ্রামের মহিউদ্দীন শেখের কন্যা।
উল্লেখ্য, গত দু'মাস ২২ দিন আগে সাতক্ষীরা শহরের কাটিয়া লস্কর পাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন গৃহবধূ চন্দনা। চন্দনার স্বজনদের দাবি তাকে গুম করেছে তারই মাদকাসক্ত স্বামী শীর্ষ মাদক চোরাকারবারি সন্ত্রাসী রবিউল ইসলাম রবি।
এবিষয়ে গুম হওয়া গৃহবধূর পিতা মহিউদ্দীন শেখ ওই সময় সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডাইরি করেন। পরবর্তীতে চন্দনা গুমের অভিযোগ থেকে রক্ষা পেতে সদর থানার তৎকালীন অফিসার ইনচার্জ ওসি মাসুদুর রহমানকে ম্যানেজ করে উল্টো গুমের শিকার গৃহবধু ও তার পিতা মহিউদ্দীন শেখ এর নামে প্রতারণা মামলা দেয় ভেন্ডার রবি। মামলার আসামি হওয়ায় থানায় মামলা করতে না পেরে ভেন্ডার রবি'কে প্রধান ও আরও কয়েক জনকে আসামি করে সাতক্ষীরা আদালতে অভিযোগ দায়ের করেন চন্দনার পিতা। অভিযোগ আমলে নিয়ে মামলাটি নথিভুক্ত করে আসামিদের আটকের আদেশ দেয় আদালত।
এবিষয়ে সাতক্ষীরা সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুর রহমান জানান, আদালতের নির্দেশে গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি আলোচিত রবিউল ইসলাম রবিকে আটক করাহয়। পরবর্তীতে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে চন্দনা গুমের সাথে তার স্বামী রবিউল ইসলাম রবি জড়িত কিনা সেটা জানা যাবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]