
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বড়ডল নাথপাড়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসে মনিরা খাতুন (২৮) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে বোরকা কেনার কথা বলে সাতক্ষীরা শহরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ মনিরা খাতুন একই এলাকার বড় খামার গ্রামের চা-দোকানি সোলেমানের স্ত্রী। এ ঘটনায় স্থানীয়ভাবে গুঞ্জন উঠেছে, তিনি বড় খামার গ্রামের এক ইজিবাইকচালকের সঙ্গে পালিয়ে গেছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিন আগে দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন মনিরা খাতুন। পরদিন তিনি কৌশলে সন্তানদের স্বামীর বাড়িতে পাঠিয়ে দেন। পরিবারের অভিযোগ, বাবার বাড়িতে আসার সময় তিনি একটি এনজিও (সমিতি) থেকে ঋণ নেওয়া নগদ ৭০ হাজার টাকা এবং স্বর্ণের কানের দুল সঙ্গে নিয়ে এসেছিলেন। বৃহস্পতিবার সকালে কেনাকাটার কথা বলে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি।
এদিকে স্থানীয় একাধিক সূত্রের দাবি, বড় খামার গ্রামের মিন্টু নামের এক ইজিবাইকচালকের সঙ্গে মনিরা খাতুনের সম্পর্ক ছিল এবং তারা একসঙ্গে চলে গিয়ে থাকতে পারেন। জানা গেছে, বৃহস্পতিবার সকালে মিন্টুও তার ইজিবাইকের চার্জার সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি।
নিখোঁজের পর থেকে মনিরা ও মিন্টু—উভয়ের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরই বন্ধ পাওয়া যাচ্ছে। সর্বশেষ শুক্রবার সকালে স্থানীয় সূত্রে জানা গেছে, তারা দুজন খুলনায় মিন্টুর এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন। তবে এ তথ্যের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় মনিরার পরিবার চরম উদ্বেগের মধ্যে রয়েছে এবং তার সন্ধান পেতে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]