
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহ বিষয়ক এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা ২টায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। দেশব্যাপী একযোগে এই কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরাতেও এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়।
"স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি" প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রেস কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর প্রকৃত ডাটাবেজ তৈরি এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই দেশব্যাপী এই ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের নিকট সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাসমূহ পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং একটি স্বাবলম্বী পরিবার গঠনে এই কার্যক্রম অনন্য ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এম রহমতুল্লাহ পলাশ।এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরীফুল ইসলাম,শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিদুল হক,উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের বিভিন্ন কারিগরি ও মাঠপর্যায়ের পরিকল্পনা তুলে ধরেন। প্রেস কনফারেন্সে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]