
সাতক্ষীরার সংবাদ ও ব্যবসা অঙ্গনের অতি পরিচিত এবং প্রিয় মুখ শেখ আব্দুল আলীম আর নেই। শুক্রবার মাগরিবের নামাজের পর রাজধানী ঢাকার ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। আজ শনিবার জোহর নামাজের পর দুপুর ২টায় শহরের মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে কামালনগর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।
স্বজন ও সহকর্মীদের অবর্ণনীয় বেদনায় ভাসিয়ে অকালে চলে গেলেন সাংবাদিকতার এই প্রিয় মুখ।
জানা গেছে, ফুসফুসে বাতাস প্রবেশের জটিলতায় আক্রান্ত হয়ে শেখ আব্দুল আলীম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে দ্রুত ঢাকায় পাঠানো হয়। শুক্রবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর ফুসফুসে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন। কিন্তু নিবিড় পরিচর্যায় থাকা অবস্থায় সন্ধ্যায় হঠাৎ তীব্র খিঁচুনি উঠে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং সব চেষ্টা ব্যর্থ করে তিনি না-ফেরার দেশে পাড়ি জমান।
শেখ আব্দুল আলীমের এই হঠাৎ প্রয়াণে পুরো সাতক্ষীরায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। দৈনিক পত্রদূত পত্রিকার দীর্ঘদিনের নিজস্ব প্রতিনিধি হিসেবে তিনি বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার সাক্ষ্য রেখে গেছেন। এছাড়া দৈনিক সদ্যখবর ও দৈনিক সাতক্ষীরা চিত্র পত্রিকায় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন তিনি। পেশাগত পরিচয়ের বাইরেও আর্তমানবতার সেবায়—বিশেষ করে মানুষের শিক্ষা ও চিকিৎসায় নিঃস্বার্থ সহায়তার হাত বাড়িয়ে দিয়ে তিনি অসংখ্য মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
তাঁর এই আকস্মিক বিয়োগে শোকের বিষাদময় ছায়া নেমে এসেছে। সাতক্ষীরার সাংবাদিক সমাজ, ব্যবসায়ী মহল ও সুশীল সমাজের প্রতিনিধিরা এক গভীর বেদনাবিধুর পরিবেশে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে শেখ আব্দুল আলীমের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ শনিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার সকল ইলেকট্রনিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে সাতক্ষীরা জেলা ইলেকট্রনিক ব্যবসায়ী সমিতি। মরহুম আব্দুল আলীম মৃত্যুর আগপর্যন্ত এই সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]