
দু’বছর বন্ধ থাকার পর সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা পৌরসভার সিইও মোঃ আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত প্রমুখ।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং মেলা প্রাঙ্গণ ঘুরে ঘুরে দেখেন।
এবারের মেলায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পুরো জায়গা জুড়ে থাকছে প্রায় ১৬০টির অধিক মনোহরি পণ্যের স্টল, লৌহজাতদ্রব্য, বাঁশ ও বেতের দোকান, নাগরদোলা, রেলগাড়ি, নৌকা ও বিভিন্ন প্রকার মিষ্টির দোকান। প্রাথমিক পর্যায়ে মেলা চলবে ২০ অক্টোবর পর্যন্ত।
পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, চাঁদাবাজি ও জুঁয়া বন্ধে পুলিশের পক্ষ থেকে আগেই নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা। গুড়পুকুরের মেলাকে কেন্দ্র করে গোটা সাতক্ষীরা থাকবে নিরাপত্তার চাদরে মোড়ানো। এছাড়া সিসি ক্যামেরায় সার্বক্ষনিক তদারকি করার ব্যবস্থা রয়েছে।
প্রসঙ্গত, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মেলা চলাকালীন সার্কাস প্যান্ডেলে এবং সাতক্ষীরার রকসি সিনেমা হলে দুর্বত্তরা বোমা হামলা চালায়। এতে নিহত হন তিনজন। আহত হন অর্ধশতাধিক। এরপর থেকে গুড়পুকুরের মেলার ঐতিহ্য ম্লান হতে থাকে। ৪ বছর বন্ধ থাকার পর সীমিত আকারে আবারও মেলা চালু হয়। এরপর ২০২৪ সাল থেকে আবারও বন্ধ হয়ে যায় গুড়পুকুরের মেলা। তবে দু’বছর বন্ধ থাকার পর এ মেলা চালু হওয়ায় বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতা ও বিক্রেতাদের মাঝে আনন্দ ও উচ্ছাস লক্ষ্য করা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]