
সাতক্ষীরা পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর (শুক্রবার) বিকাল চারটায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ পৌর অডিটোরিয়াম কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা (সংরক্ষিত) কাউন্সিলর প্রার্থী মৌমি কুইন সাথীর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূর মোহাম্মদ পাড়। সভায় বক্তা ও বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আলী শাহীন, এডভোকেট শফিকুল ইসলাম, গোলাম হোসেন, সাবেক কাউন্সিলর ওজিয়ার রহমান, সুধাংশু শেখর এবং জামাল হোসেন প্রমুখ।
"কথায় নয়, কাজের মাধ্যমে জনগণের পাশে থাকতে চাই" মৌমি কুইন সাথী মতবিনিময় সভায় বক্তব্যে মহিলা (সংরক্ষিত) কাউন্সিলর প্রার্থী মৌমি কুইন সাথী তাঁর সুনির্দিষ্ট লক্ষ্য ও অঙ্গীকারের কথা তুলে ধরে বলেন "বিগত সময়ে দায়িত্ব পালনকারীদের অনেকেই সাধারণ মানুষের সাথে অশোভন ও বাজে আচরণ করেছেন। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাকে আপনাদের সাথে এমন আচরণ করার সুযোগ না দেন। আমি কথায় নয়, কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করতে চাই। অনেকে বলেন ভোটের পরে মানুষের চরিত্র বদলে যায়; আমি আপনাদের অনুরোধ করব—ভোটের সময় এখনও বাকি আছে, আপনারা আমার সাথে মিশে দেখুন, যাচাই করে দেখুন আমি আপনাদের কল্যাণে কিছু করতে পারি কিনা।"
তিনি আরও বলেন, "আপনাদের যেকোনো সমস্যা বিনা দ্বিধায় আমাকে জানাবেন। নির্বাচনের আগে আমি যা বলছি, নির্বাচনের পরেও আমার কথার কোনো নড়চড় হবে না। আমার কাছে অন্যায় বা অসদুপায় নিয়ে কেউ আসবেন না, অন্যায়ের কোনো প্রশ্রয় আমার কাছে নেই। এলাকার উন্নয়ন ও জনসেবায় আমি জানপ্রাণ দিয়ে কাজ করব।"
জনগণের দুর্ভোগ লাঘবে ২৪ ঘণ্টা পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, রাত-দিন যখনই প্রয়োজন হোক না কেন, নাগরিক সেবায় পৌরসভা, সরকারি হাসপাতাল, বিভিন্ন ক্লিনিক কিংবা থানা ও অন্যান্য সরকারি দপ্তরে যেকোনো প্রয়োজনে তাঁকে পাশে পাবেন। বিগত দুই বছর ধরে তিনি এলাকাবাসীর সাথে যেভাবে মিশেছেন এবং মুরুব্বিদের সম্মান রক্ষা করে চলেছেন, তা যাচাই করে দেখার আহ্বান জানান তিনি।
সবশেষে এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক অধিকার রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে এই মতবিনিময় সভা সমাপ্ত হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]