
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ, উইনসেরেক্স সিরাপ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)–এর অধীন পদ্মশাখরা ও কাকডাঙ্গা বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। পদ্মশাখরা বিওপির অভিযানে ভাঙ্গার মুখ এলাকা থেকে ২ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ ও উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। স্থানটি সীমান্তের মূল পিলার ১ থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে।
অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল ছবেদ মোড় এলাকা থেকে ১৮ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। স্থানটি সীমান্ত পিলার ১৩/৩-এসের ৩ নম্বর আরবি থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে।
এ ছাড়া বৈকারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাপালিপাড়া থেকে মো. আসাদুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। বিজিবির ভাষ্য অনুযায়ী, সীমান্ত পিলার ৭/৪৩-এসের প্রায় ১০ গজ ভেতরে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। সিম কার্ডগুলোর একটি ভারতীয় ও তিনটি বাংলাদেশি।
বিজিবির দাবি, জব্দ করা পণ্য শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়। সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]