
সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ ধরা ও বিষযুক্ত মাছ বাজারজাতকরণ বন্ধ এবং জলজ প্রাণবৈচিত্র্য রক্ষার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে জনসচেতনতামূলক র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচির মাধ্যমে ‘বিষ দিয়ে মাছ ধরবো না, বিষ দেওয়া মাছ বিক্রি করতে দেবো না, বিষ দেওয়া মাছ ক্রয় করবো না’ এই তিনটি অঙ্গীকারকে সামনে রেখে সুন্দরবন রক্ষায় সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সোমবার (২৩ নভেম্বর) বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রিন কোয়ালিশন ও কলবাড়ী ইউনাইটেড ক্লাবের যৌথ আয়োজনে এবং কলবাড়ী বাজার মৎস্য বণিক সমিতি ও বারসিকের সহযোগিতায় উপজেলার সুন্দরবন সংলগ্ন কলবাড়ী মৎস্য আড়ত থেকে র্যালিটি বের হয়ে স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তারা সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ আহরণের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন এবং এই অপচর্চা বন্ধে জেলে, মৎস্য ব্যবসায়ী, আড়তদার ও সাধারণ ভোক্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
পথসভায় সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রিন কোয়ালিশনের সভাপতি ও স্থানীয় শিক্ষক মো. মুহসিন বিল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন কলবাড়ী ইউনাইটেড ক্লাবের যুগ্ম আহ্বায়ক মো. সেলিমুর রাজী বাপ্পি।
পথসভায় বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, কলবাড়ী ইউনাইটেড ক্লাবের আহ্বায়ক মো. ফরহাদ হোসেন মুন্না, বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রিন কোয়ালিশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, মো, ওসমান গনী সোহাগ, জুবায়ের আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, সুন্দরবন শুধু একটি বন নয়; অসংখ্য জলজ প্রাণীর আবাসস্থল এবং বননির্ভর মানুষের জীবন-জীবিকার অন্যতম উৎস। কিন্তু সুন্দরবনের নদী ও খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার প্রবণতা বন, জলজ প্রাণবৈচিত্র্য, জনস্বাস্থ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। বিষ প্রয়োগের ফলে মাছের পোনা, ছোট-বড় মাছ, চিংড়ি, কাঁকড়া ও অন্যান্য জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে। দূষিত হচ্ছে নদী-খালের পানি, ব্যাহত হচ্ছে মাছের প্রজনন ও প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল। বিষাক্ত মাছ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। পাশাপাশি মাছের প্রাকৃতিক মজুত কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত জেলে ও তাঁদের পরিবার।
পথসভা থেকে কলবাড়ী বাজার মৎস্য আড়তে বিষ দিয়ে আহরিত মাছের ক্রয়-বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণ বন্ধ করার আহ্বান জানানো হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]