
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের দেশে-বিদেশে থাকা ১ হাজার ৬২ কোটি টাকার বেশি সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে দুর্নীতির বিভিন্ন মামলায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ভাগনি ও যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদনও করেছে সংস্থাটি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব সাইদুর রহমান খান এসব তথ্য জানান।
দুদক সচিব জানান, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ পর্যন্ত ২৪টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সাতটি মামলার অভিযোগপত্র (চার্জশিট) ইতিমধ্যে আদালতে দাখিল করা হয়েছে। এসব মামলার অনুসন্ধান ও তদন্ত পর্যায়ে দেশে-বিদেশে ১ হাজার ৬২ কোটি টাকার বেশি সম্পদ জব্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে থাকা নতুন কিছু সম্পদের সন্ধান পেয়েছে দুদক। এসব সম্পদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। দুদক সচিব বলেন, মামলার সংখ্যার চেয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালতে অভিযোগ প্রমাণ এবং বিচার নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য।
দুদক সূত্র জানায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানে অবৈধভাবে প্লট গ্রহণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৫৯ হাজার কোটি টাকা লুটপাট করে ৩০০ মিলিয়ন ডলার পাচার, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন ঘিরে রাষ্ট্রের ৪ হাজার কোটি টাকা ক্ষতিসাধন এবং আটটি প্রকল্প থেকে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের মতো গুরুতর অভিযোগ উঠে আসে। এ ছাড়া সিআরআই ও সূচনা ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও বর্তমানে অনুসন্ধানের আওতায় রয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]