ডিসেম্বরকে ঘিরে নাশকতার শঙ্কা নেই : এসআরবি


স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) জানিয়েছে, ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের নাশকতার কোনো আশঙ্কা দেখছে না। তবে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে কাজ চলছে।
রোববার (১৫ নভেম্বর) বিকালে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী বলেন, ডিসেম্বর ঘিরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো নাশকতার আশঙ্কা নেই। এসআরবির সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
খুলনার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, খুলনায় অপরাধ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি সেখানকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক কাজ চলছে।
অপরাধীদের রাজনৈতিক পরিচয় কিংবা কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে গোয়েন্দা তথ্য জানতে চাইলে তিনি বলেন, গোয়েন্দা তথ্য প্রকাশ্যে জানানো সম্ভব নয়। কোনো অপরাধ সংঘটনের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই গোয়েন্দা দল কাজ শুরু করে। পাশাপাশি অভিযানিক দল মাঠপর্যায়ে গিয়ে চাক্ষুষ প্রমাণ, সাক্ষ্য, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন আলামত সংগ্রহ করে। এসব তথ্য যাচাই-বাছাইয়ের পর প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হয়।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা কার্যক্রম জোরদারের বিষয়ে তিনি বলেন, এসআরবির মাঠপর্যায়ের কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি মোবাইল টহল ও ফুট পেট্রোলও চলছে।
তিনি জানান, ২৪ ঘণ্টার মধ্যে কোন কোন সময়ে নাশকতার ঘটনা বেশি ঘটছে, তা বিশ্লেষণ করে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় ওই সময়গুলোতে মোবাইল টহল ও চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারীবিস্তারিত পড়ুন

সিডরের ১৯ বছর: বেড়িবাঁধের ক্ষত শুকায়নি, কাটেনি আতঙ্ক
আজ ১৫ নভেম্বর, ২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ডবিস্তারিত পড়ুন

রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার
আসন্ন রমজান মাস উপলক্ষে খেজুর আমদানির ক্ষেত্রে আগামী ১০ মার্চ পর্যন্ত বিদ্যমানবিস্তারিত পড়ুন


