২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য : অর্থমন্ত্রী


অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলারের অর্থনীতিতে রূপান্তরের উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য অর্জনে বিচক্ষণ ঋণ ব্যবস্থাপনা, রাজস্ব খাতে শৃঙ্খলা এবং টেকসই অর্থায়ন নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ঋণ পরিশোধের ক্রমবর্ধমান দায়, দুর্বল রাজস্ব আহরণ এবং সীমিত আর্থিক সক্ষমতা বর্তমানে দেশের অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতিতে সরকারের নেওয়া প্রতিটি ঋণ যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা বৃদ্ধি ও জনকল্যাণে কার্যকর অবদান রাখে, তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হতে হবে, ঋণ নেওয়া প্রতিটি টাকা যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা ও জনকল্যাণে অর্থবহ অবদান রাখে। আমাদের উচ্চাকাঙ্ক্ষা শুধু আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশ করা নয়, বরং দায়িত্বশীল ও টেকসই উপায়ে সেখানে অর্থায়নের সুযোগ কাজে লাগানো।’
আমির খসরু বলেন, সরকার প্রচলিত অর্থায়নের পাশাপাশি সার্বভৌম সুকুক, গ্রিন ও ব্লু বন্ড এবং ব্লেন্ডেড ফাইন্যান্সসহ উদ্ভাবনী অর্থায়ন পদ্ধতি ব্যবহারের বিষয়টিও বিবেচনা করছে।
তিনি বলেন, একটি দেশের সার্বভৌম ঋণ গ্রহণের সাফল্য কত অর্থ ঋণ নেওয়া হয়েছে, তার ওপর নির্ভর করে না; বরং ওই অর্থ কতটা কার্যকরভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি, জনকল্যাণ ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধিতে অবদান রাখছে, সেটিই এর প্রকৃত মাপকাঠি।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে ১৫ থেকে ১৬ নভেম্বর ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সার্বভৌম ঋণ ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করেছে।
দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা ও আর্থিক খাতের বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। ক্রমবর্ধমান অর্থায়ন ব্যয়, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক পুঁজিবাজারের পরিবর্তিত পরিস্থিতিতে টেকসই ঋণ গ্রহণের কৌশল নির্ধারণ নিয়ে সম্মেলনে আলোচনা হচ্ছে।
সম্মেলনে অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অংশ নিয়েছেন। এ ছাড়া শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ঋণ ব্যবস্থাপনা দপ্তরের কর্মকর্তা, এডিবি, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞরা এতে যোগ দিয়েছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সিডরের ১৯ বছর: বেড়িবাঁধের ক্ষত শুকায়নি, কাটেনি আতঙ্ক
আজ ১৫ নভেম্বর, ২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ডবিস্তারিত পড়ুন

রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার
আসন্ন রমজান মাস উপলক্ষে খেজুর আমদানির ক্ষেত্রে আগামী ১০ মার্চ পর্যন্ত বিদ্যমানবিস্তারিত পড়ুন

একই অপরাধে দ্বিতীয়বার বিচারের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনের সময়বিস্তারিত পড়ুন


