বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিবি হেফাজতে সাবেক আইনমন্ত্রী আনিসুল ও উপদেষ্টা সালমান এফ রহমান

শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) দিবাগত মধ্যরাতে তাদেরকে ডিবির কার্যালয়ে নেওয়া হয়।

জানা গেছে, নারায়ণগঞ্জের পাগলা থেকে তাদেরকে আটক করে কোস্টগার্ড। এরপর তারা এই দুজনকে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে পুলিশ তাদেরকে ডিবির হাতে সোপর্দ করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানের দাবি, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়েছে। রাজধানী ঢাকার নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় এই দুজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। এদের মধ্যে একজন ছাত্র এবং একজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে।

পালাতে না পেরে হন্তদন্ত হয়ে নৌকার ওপর বসে ছিলেন সালমান এফ রহমান। নিউমার্কেট থানার পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আইনমন্ত্রী আনিসুল ও উপদেষ্টা সালমান এফ রহমান মূলত নৌপথে দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।

পুলিশ কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বেশিরভাগ বিমানবন্দরগুলোতে নিষেধাজ্ঞা জারি করা হয়। যাতে দলের উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা পালিয়ে যেতে না পারেন। এর পরিপ্রেক্ষিতে হয়তো কৌশলে নৌপথে দেশ পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন সালমান এফ রহমান ও আনিসুল হক।

পুলিশ কর্মকর্তারা বলছেন, থানায় নিয়ে আসার পর এই দুজনের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তখন আরও নিশ্চিত করে বলা যাবে, তারা কীভাবে ও কোথায় যাওয়ার চেষ্টা করছিলেন। রাজধানীর নিউমার্কেট থানায় হস্তান্তরের পর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিষয়ে কী কী আইনি প্রক্রিয়া নেওয়া হবে, তখন জানা যাবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা-মন্ত্রীরা গা ঢাকা দেন। কেউ কেউ আবার এর আগেই দেশত্যাগ করেন। এছাড়া, ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটক করা হয়।

২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা) আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন আইনজীবী আনিসুল হক। ওইবারই তাকে আইনমন্ত্রী করা হয়। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন।

সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। ২০১৮ সালের নির্বাচনে তিনি ঢাকা-১ আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন। পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ সংসদ নির্বাচনেও জয়ী হন সালমান এফ রহমান।
সূত্র:যুগান্তর

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…