সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন


মানবপাচারের শিকার ব্যক্তিদের অর্থনৈতিক পুনর্বাসন, উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা এবং তাঁদের উৎপাদিত পণ্য ও সেবার বাজার সম্প্রসারণের লক্ষ্যে সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-২০২৬’ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।
অগ্রগতি সংস্থার আয়োজনে, বিসিক-সাতক্ষীরার সহযোগিতায় এবং সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনালের ‘আশ্বাস’ প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে ১৯ ও ২০ নভেম্বর এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। আশ্বাস প্রকল্পের প্রকল্প পরিচালক ও উইনরক ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ দীপ্তা রক্ষিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব দাশ, বিসিকের উপব্যবস্থাপক গৌরব দাস এবং উদ্যোক্তা রেহেনা পারভীন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুরে ব্যবসায়িক যোগাযোগ, বাজার সংযোগ এবং উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা ও সফলতার গল্প নিয়ে দুটি বিশেষ মতবিনিময় ও শিখন সেশন অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, প্রশিক্ষণ ও পুঁজি পেয়ে মানবপাচারের শিকার অনেকেই হস্তশিল্প, সেলাই, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষি ও প্রাণিসম্পদ খাতে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছেন। তবে বৃহত্তর বাজারের সঙ্গে সংযোগ ও নেটওয়ার্কিংয়ের ঘাটতি তাঁদের অগ্রগতির পথে বড় চ্যালেঞ্জ। সেই সংকট কাটিয়ে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ক্রেতা এবং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির লক্ষ্যেই এ আয়োজন।
মেলায় খুলনা ও সাতক্ষীরা জেলার মানবপাচারের শিকার নারী ও পুরুষ উদ্যোক্তাদের পাশাপাশি মহিলা বিষয়ক অধিদপ্তর, বিসিক এবং বেসরকারি খাতের উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। মেলায় মোট ১৯টি স্টল রয়েছে।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উইনরক ইন্টারন্যাশনালের প্রোগ্রাম অফিসার (বিজনেস ডেভেলপমেন্ট) সাদিয়া ইসলাম।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

আগামী ৩ বছরের মধ্যে স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশেবিস্তারিত পড়ুন

২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ বলে জানিয়েছেন করেছেনবিস্তারিত পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যেভাবে তৈরি হয় বিদ্যুৎ
ইউরেনিয়াম পরমাণুর বিভাজন থেকে উৎপন্ন তাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি হয় রূপপুরবিস্তারিত পড়ুন


