রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যেভাবে তৈরি হয় বিদ্যুৎ


ইউরেনিয়াম পরমাণুর বিভাজন থেকে উৎপন্ন তাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। পারমাণবিক বিভাজন বা নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায় পরমাণুর নিউক্লিয়াস ভেঙে বিপুল তাপশক্তি নির্গত হয়। সেই তাপে পানি থেকে বাষ্প তৈরি করা হয়। বাষ্পের প্রবল চাপে ঘুরতে থাকে টারবাইন। আর টারবাইনের সঙ্গে সংযুক্ত জেনারেটর সেই ঘূর্ণনশক্তিকে বিদ্যুতে রূপান্তর করে।
পাবনার ঈশ্বরদীতে নির্মিত এ বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার তৈরি ভিভিইআর-১২০০ প্রযুক্তির দুটি প্রেশারাইজড ওয়াটার রিঅ্যাক্টর স্থাপন করা হয়েছে। প্রতিটি ইউনিট থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দুই ইউনিটের উৎপাদন কার্যক্রম পূর্ণ সক্ষমতায় পৌঁছালে কেন্দ্রটির মোট স্থাপিত ক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।
রিঅ্যাক্টরের ভেতরে শুরু হয় প্রক্রিয়া
রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের প্রথম ধাপ সম্পন্ন হয় পারমাণবিক চুল্লি বা রিঅ্যাক্টরের ভেতরে। সেখানে বিশেষ কাঠামোয় সাজানো ফুয়েল অ্যাসেম্বলিতে ইউরেনিয়াম জ্বালানি থাকে। ইউরেনিয়াম-২৩৫ পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন প্রবেশ করলে সেটি বিভক্ত হয়ে দুটি ছোট নিউক্লিয়াস তৈরি করে। এ সময় প্রচুর তাপশক্তি ও অতিরিক্ত নিউট্রন বেরিয়ে আসে।
এই নতুন নিউট্রনগুলো আবার অন্য ইউরেনিয়াম পরমাণুর নিউক্লিয়াসে আঘাত করে। ফলে সেখানে নতুন করে বিভাজন ঘটে। ধারাবাহিকভাবে চলতে থাকা এই বিক্রিয়াই চেইন রিঅ্যাকশন বা শৃঙ্খল বিক্রিয়া নামে পরিচিত। বিদ্যুৎ উৎপাদনের জন্য পুরো প্রক্রিয়াটি নির্দিষ্ট মাত্রায় নিয়ন্ত্রণ করা জরুরি।
রিঅ্যাক্টরের কন্ট্রোল রড এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো অতিরিক্ত নিউট্রন শোষণ করে পারমাণবিক বিক্রিয়ার গতি নিয়ন্ত্রণ করে। এর মাধ্যমে রিঅ্যাক্টরের তাপ উৎপাদন প্রয়োজন অনুযায়ী সমন্বয় করা হয়।
তাপ থেকে বাষ্প, বাষ্প থেকে বিদ্যুৎ
পারমাণবিক বিভাজনের ফলে তৈরি হওয়া তাপ প্রথমে রিঅ্যাক্টরের প্রাথমিক শীতলীকরণ চক্রের পানিতে ছড়িয়ে পড়ে। উচ্চচাপের কারণে এই চক্রের পানি ৩০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় উত্তপ্ত হলেও তরল অবস্থায় থাকে।
এই গরম পানি পাইপের মাধ্যমে পৌঁছায় স্টিম জেনারেটরে। সেখানে প্রাথমিক চক্রের পানি এবং মাধ্যমিক চক্রের পানির মধ্যে সরাসরি সংযোগ থাকে না। তাপ বিনিময়ের মাধ্যমে প্রথম চক্রের পানি থেকে দ্বিতীয় চক্রের পানিতে তাপ স্থানান্তরিত হয়।
তাপ পেয়ে মাধ্যমিক চক্রের পানি বাষ্পে পরিণত হয়। এরপর উচ্চচাপের বাষ্প টারবাইনের ব্লেডে ধাক্কা দিয়ে সেটিকে ঘোরায়। টারবাইনের সঙ্গে যুক্ত জেনারেটরও একই সঙ্গে ঘুরতে থাকে। জেনারেটরের ভেতরে তড়িৎচুম্বকীয় আবেশের নীতিতে এই যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। এভাবেই উৎপন্ন হয় বিদ্যুৎ।
ব্যবহৃত পানি আবার কাজে লাগে
বিদ্যুৎ উৎপাদনের পর বাষ্পকে সরাসরি বাইরে ছেড়ে দেওয়া হয় না। টারবাইন ঘোরানোর পর সেটি কনডেনসারে গিয়ে ঠান্ডা হয় এবং পুনরায় পানিতে পরিণত হয়। পরে পাম্পের মাধ্যমে এই পানি আবার স্টিম জেনারেটরে পাঠানো হয়। ফলে একই পানি বারবার ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হয়।
বিদ্যুৎ উৎপাদনের মূল প্রক্রিয়ার পাশাপাশি কেন্দ্রের অন্যান্য যন্ত্রপাতি ঠান্ডা রাখা এবং বাড়তি তাপ সরিয়ে নেওয়ার জন্যও পৃথক শীতলীকরণ ব্যবস্থা রয়েছে।
নিরাপত্তায় একাধিক স্তরের ব্যবস্থা
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। তেজস্ক্রিয় পদার্থের বিস্তার রোধ এবং যেকোনো অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলায় রূপপুরে একাধিক স্তরের সুরক্ষাব্যবস্থা রাখা হয়েছে।
ভিভিইআর-১২০০ প্রযুক্তিতে রয়েছে কন্ট্রোল রড, জরুরি কোর শীতলীকরণ ব্যবস্থা, তেজস্ক্রিয়তা পর্যবেক্ষণ সরঞ্জাম এবং শক্তিশালী কন্টেইনমেন্ট কাঠামো। এসব ব্যবস্থার মাধ্যমে রিঅ্যাক্টরের কার্যক্রম নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার ব্যবস্থা করা হয়েছে।
এ প্রযুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্যাসিভ সেফটি সিস্টেম। নির্দিষ্ট জরুরি পরিস্থিতিতে বাইরের বিদ্যুৎ সরবরাহ কিংবা সক্রিয় যন্ত্রপাতির ওপর নির্ভরতা ছাড়াই এ ব্যবস্থা নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করে। এ ছাড়া রয়েছে কোর ক্যাচার। রিঅ্যাক্টরের জ্বালানি গলে যাওয়ার মতো গুরুতর পরিস্থিতিতে তা ধরে রাখার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই কাঠামো।
জাতীয় গ্রিডে যুক্ত হলো উৎপাদিত বিদ্যুৎ
রিঅ্যাক্টরে পারমাণবিক বিক্রিয়া শুরু করা এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা এক বিষয় নয়। মাঝখানে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক ধাপ। রিঅ্যাক্টর চালু হওয়ার পর টারবাইন, জেনারেটর এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা যাচাই করতে হয়। পাশাপাশি জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদনও নিশ্চিত করতে হয়।
রূপপুরের প্রথম ইউনিটে এসব পরীক্ষার অংশ হিসেবে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়ানো, বাষ্প উৎপাদন, টারবাইন চালানো এবং জেনারেটরের কার্যক্রম পরীক্ষা করা হয়েছে। এরপর গ্রিডের সঙ্গে সংযোগ স্থাপন করে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা যাচাইয়ের কার্যক্রম শুরু হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দীর্ঘদিনের প্রস্তুতি ও ধারাবাহিক পরীক্ষা শেষে প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এদিন বিকেল ৩টা ১৬ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফার্স্ট গ্রিড কানেকশন বা প্রথম গ্রিড সংযোগ পরীক্ষার অংশ হিসেবে শুরুতে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। এ সময়ে টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সমন্বিত পরিচালনব্যবস্থা কতটা কার্যকর ও স্থিতিশীলভাবে কাজ করছে, তা পর্যবেক্ষণ করা হবে।
প্রাথমিক পরীক্ষা শেষে পরবর্তী কারিগরি যাচাইয়ের জন্য কেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতি দিয়ে আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য জাতীয় গ্রিডে সংযুক্ত করে পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে।
দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে রূপপুর কেন্দ্রের স্থাপিত উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াটে। তবে কেন্দ্রের নিজস্ব পরিচালন ও রক্ষণাবেক্ষণের কাজে উৎপাদিত বিদ্যুতের একটি অংশ ব্যয় হবে। এ কারণে জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ মোট উৎপাদনক্ষমতার তুলনায় কিছুটা কম হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে অবশ্যই সাশ্রয়ী পন্থায়বিস্তারিত পড়ুন

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেনবিস্তারিত পড়ুন

কীভাবে বাতিল করবেন টিআইএন সার্টিফিকেট? জেন নিন
বিভিন্ন প্রয়োজনে ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) বা টিআইএন সার্টিফিকেট নিলেও সময়ের সঙ্গেবিস্তারিত পড়ুন


