তরুণদের স্বপ্নপূরণে বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন করবেন যেভাবে


ব্যবসা শুরু করার ইচ্ছা আছে, কিন্তু পর্যাপ্ত পুঁজি নেই- এমন তরুণদের জন্য রয়েছে বিশেষ ঋণ সহায়তার সুযোগ। নতুন উদ্যোক্তা তৈরি এবং আত্মকর্মসংস্থান বাড়াতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে দেওয়া হচ্ছে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ। এ অর্থ দিয়ে নতুন ব্যবসা শুরু করার পাশাপাশি বিদ্যমান উদ্যোগও সম্প্রসারণ করা যাবে।
তবে ঋণ পেতে হলে আবেদনকারীকে নির্ধারিত শর্ত পূরণের পাশাপাশি জমা দিতে হবে বাস্তবসম্মত ব্যবসায়িক পরিকল্পনা। ঋণ ও অনুদান পাওয়ার জন্য তরুণ উদ্যোক্তাদের বয়সসীমা সর্বোচ্চ ২৮ বছর বা তার কম হতে হবে। জানতে হবে আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র এবং ঋণ পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলো।
যেভাবে আবেদন করবেন
তরুণ উদ্যোক্তা ঋণ পেতে আগ্রহীদের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
প্রথম ধাপ: ব্যাংকে যোগাযোগ
প্রথমে দেশের যেকোনো তফসিলি ব্যাংকের নিকটস্থ শাখায় যোগাযোগ করে বাংলাদেশ ব্যাংকের তরুণ উদ্যোক্তা ঋণ কর্মসূচি সম্পর্কে জানতে হবে। সংশ্লিষ্ট ব্যাংক থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
দ্বিতীয় ধাপ: ঋণের শর্ত জেনে নেওয়া
ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে ঋণের আবেদনপ্রক্রিয়া, সুদের হার, যোগ্যতা, পরিশোধের নিয়ম এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে।
তৃতীয় ধাপ: আবেদন ফরম পূরণ
ব্যাংক থেকে সংগ্রহ করা নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করতে হবে। ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আবেদন ফরম পাওয়া গেলে সেখান থেকেও তা সংগ্রহ করা যাবে।
চতুর্থ ধাপ: প্রয়োজনীয় কাগজপত্র জমা
আবেদন ফরম পূরণের পর প্রয়োজনীয় কাগজপত্র এবং পূর্ণাঙ্গ ব্যবসায়িক পরিকল্পনা সংযুক্ত করে সংশ্লিষ্ট ব্যাংক শাখায় জমা দিতে হবে।
যেসব কাগজপত্র লাগবে
আবেদনের সময় সাধারণত যেসব কাগজপত্র প্রয়োজন হয়, সেগুলো হলো-
১. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুলিপি।
২. হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি (যদি থাকে)।
৩. শিক্ষাগত যোগ্যতার সনদ ও সত্যায়িত অনুলিপি।
৪. পূর্ণাঙ্গ ব্যবসায়িক পরিকল্পনা বা বিজনেস প্ল্যান।
৫. ব্যাংকের চাহিদা অনুযায়ী অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র।
বিজনেস প্ল্যানে যা উল্লেখ করবেন
ঋণ পাওয়ার ক্ষেত্রে ব্যবসায়িক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিজনেস প্ল্যান তৈরির সময় কয়েকটি বিষয় স্পষ্টভাবে তুলে ধরতে হবে।
– কী ধরনের ব্যবসা শুরু করতে চান এবং এতে প্রাথমিক বিনিয়োগ কত হবে।
– পণ্য বা সেবার বাজার চাহিদা কেমন এবং কীভাবে তা বাজারজাত করা হবে।
– ব্যবসার সম্ভাব্য আয়, ব্যয় ও মুনাফার হিসাব।
– ঋণের অর্থ কোন কোন খাতে ব্যয় করা হবে।
– ব্যবসা থেকে আয় করে কীভাবে ঋণের কিস্তি পরিশোধ করা হবে।
– প্রস্তাবিত ব্যবসার মাধ্যমে কতজনের কর্মসংস্থান সৃষ্টি হবে।
আবেদন ফরমে ব্যবসার বিস্তারিত পরিকল্পনা লেখার পর্যাপ্ত জায়গা না থাকলে আলাদা কাগজে বা ফাইলে পূর্ণাঙ্গ বিজনেস প্ল্যান তৈরি করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
ঋণ পেতে যেসব বিষয়ে গুরুত্ব দেবেন
ঋণের আবেদন গ্রহণযোগ্য করতে ব্যবসায়িক পরিকল্পনা হতে হবে বাস্তবসম্মত, সুস্পষ্ট ও তথ্যভিত্তিক। শুধু কত টাকা ঋণ প্রয়োজন, তা উল্লেখ করলেই হবে না। ঋণের অর্থ কীভাবে ব্যবহার করা হবে, ব্যবসা থেকে কত আয় হতে পারে এবং সেই আয় দিয়ে কীভাবে ঋণ পরিশোধ করা সম্ভব, তার বিস্তারিত হিসাব তুলে ধরতে হবে।
পাশাপাশি ব্যবসার বাজার সম্ভাবনা ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিও গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে।
আবেদন জমা দেওয়ার পর যা হবে
আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংক সেগুলো যাচাই-বাছাই করবে। আবেদনকারীর যোগ্যতা, ব্যবসায়িক পরিকল্পনা, প্রকল্পের সম্ভাব্যতা এবং ব্যাংকের নিজস্ব নীতিমালা পর্যালোচনা করে ঋণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
যদিও আবেদন করলেই ঋণ পাওয়া নিশ্চিত নয়। ঋণের পরিমাণ, সুদের হার, জামানত, যোগ্যতা ও অন্যান্য শর্ত ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনার ওপর নির্ভর করবে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে হালনাগাদ তথ্য জেনে নেওয়া জরুরি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশেরবিস্তারিত পড়ুন

নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্তবিস্তারিত পড়ুন

রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার
সন্তানহারা মায়ের আহাজারি আর রাজপথে ঝরা রক্তের দাগ এখনো শুকায়নি। এরই মধ্যেবিস্তারিত পড়ুন


