শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পদ্মা সেতুর টোলপ্লাজায় অবরোধ-ভাঙচুরের ৩ দিন পর মামলা, গ্রেপ্তার ৪

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা এলাকায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল মাদবরও রয়েছেন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে গত ৯ নভেম্বর দিবাগত রাতে সংঘটিত এই ঘটনায় তিন দিন পর মামলা দায়ের এবং এরপর গ্রেপ্তার অভিযান শুরু হওয়ায় পুলিশের তাৎক্ষণিক ভূমিকা ও তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে।

গ্রেপ্তার অন্য তিনজন হলেন- মো. মিজানুর রহমান মীর (৫৭), মো. রিপন সরদার (৫৫) ও মো. জাহাঙ্গীর হোসেন (৪১)।

তাজেল মাদবর জাজিরা উপজেলার ওছিমুদ্দিন মাদবর কান্দি এলাকার মৃত আব্দুস ছাত্তার মাদবরের ছেলে। তিনি জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। মিজানুর রহমান মীর শরীয়তপুর সদর উপজেলার বাহের চন্দ্রপুর এলাকার মৃত মীর মোহাম্মদ আলীর ছেলে। তিনি চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

রিপন সরদার সদর উপজেলার কীর্তিনগর এলাকার মৃত হাজী আব্দুল হালিম সরদারের ছেলে। তিনি চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এবং আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের চন্দ্রপুর ইউনিয়ন শাখার কার্যকরী সদস্য। অপর গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী। তিনি সদর উপজেলার স্বর্ণঘোষ এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের ছেলে এবং চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে একদল লোক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তাদের অনেকের হাতে লাঠিসোঁটা ও লগি-বৈঠা দেখা যায়। একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর চালানো হয়। পাশাপাশি একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে টোলপ্লাজার সামনে বিপুলসংখ্যক মানুষের অবস্থান, সড়ক অবরোধ এবং যানবাহনে হামলা-ভাঙচুরের দৃশ্য দেখা যায়। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। পদ্মা সেতুর উভয় প্রান্তে যানবাহন আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গুরুত্বপূর্ণ এই স্থাপনায় এমন ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় ঘটনার তিন দিন পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেপ্তার চারজনই মামলার এজাহারনামীয় আসামি।

পুলিশ সূত্রে আরও জানা যায়, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পদ্মা সেতুর মতো গুরুত্বপূর্ণ স্থাপনার টোলপ্লাজায় এলাকায় প্রকাশ্যে সড়ক অবরোধ, যানবাহনে হামলা-ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কেন দৃশ্যমান অভিযান চালানো হয়নি। এসব প্রশ্ন এখন সামনে আসছে।

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, ‘পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় ঘটনায় গতকাল (১২ নভেম্বর) পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে। একই দিন জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

কোনো কর্মকর্তা ডিসেম্বরে হাসিনা ফেরার অপেক্ষায় কি না, প্রশ্ন মন্ত্রীপরিষদ সচিবের

ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনার মধ্যে মন্ত্রিপরিষদ সচিববিস্তারিত পড়ুন

আবারও পেছাল বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কনস্যুলার সংলাপ আবার পেছাল; চলতি মাসের শেষে তারিখবিস্তারিত পড়ুন

হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)বিস্তারিত পড়ুন

  • অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • রোজা শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি
  • ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
  • তরুণদের স্বপ্নপূরণে বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন করবেন যেভাবে
  • জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
  • নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির
  • বিআরটিএ’র নতুন নির্দেশনা, মোটরসাইকেল চালকদের জন্য সুখবর
  • বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী