শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র ও গভীর হয়েছে। গণতন্ত্রকামী মানুষ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করেছেন, তাদের রক্ত ঝরাচ্ছে তারা।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নির্বিচারে হত্যা করেও তারা ক্ষান্ত হয়নি। দেশ থেকে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশে অবস্থান করে এ দেশে থাকা তাদের অনুচরদের দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে।

নড়াইলের কালিয়া উপজেলায় উপজেলা জাসাসের নিহত সাধারণ সম্পাদক সোহেল রানা এবং কালিয়া উপজেলা কৃষক দলের নিহত সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমানের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধ, ফাইয়াজসহ অসংখ্য শিক্ষার্থীকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল। কেউ স্কুলে, কেউ কলেজে, আবার কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ত। ফ্যাসিস্টরা ও তাদের দোসররা সেদিন নিজেদের ক্ষমতা ও সিংহাসন টিকিয়ে রাখার জন্য এ হত্যাকাণ্ড চালিয়েছিল।

তিনি বলেন, ছাত্র-জনতার প্রবল প্রতিরোধের মুখে তারা দেশ ছেড়ে পালিয়ে গেলেও এ দেশে থাকা তাদের অনুচরদের মাধ্যমে হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে। এর নির্মম শিকার হয়েছেন কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা এবং কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সোহেল রানা ও শাহিনুর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করেছেন। নির্মম হত্যাকাণ্ডের শিকার এই মানুষগুলোর লাশ আমরা কোথায় রাখব? তাদের মা ও স্ত্রীর কাছে কী জবাব দেব? এই বেদনা ও শোক নিয়েই আজ আমাদের এখান থেকে ফিরতে হচ্ছে।

তিনি আরও বলেন, অনেক চেষ্টার পরও কেউ এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কেড়ে নিতে পারেনি। তেমনি তাদের হত্যাকারীদের বিচারও হবেই। বিচারের এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, নড়াইলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ নিহত সোহেল রানা ও শাহিনুর রহমানের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কালিয়া উপজেলা সদরের বেন্দারচর এলাকায় উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় জাসাস নেতা সোহেল রানা ও কৃষক দল নেতা শাহিনুর রহমান নিহত হন।
বাসস

একই রকম সংবাদ সমূহ

দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে,বিস্তারিত পড়ুন

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার জন্য ক্ষতিপূরণ দিতে হবে: খলিলুর

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) গণহত্যা বিষয়ক রায়েরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর। ICT কোচিং সেন্টার এবিস্তারিত পড়ুন

  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের : শিক্ষামন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত : মাহদী আমিন
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী
  • অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী
  • ‘কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে’ : ডা. জুবাইদা রহমান
  • রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো: হুমায়ুন কবির
  • কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন, তালিকা প্রকাশ