বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন রঙ্গিখালী ও নোয়াখালীপাড়া পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপহরণসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে রামুর ১০ পদাতিক ডিভিশনের অধীনে এসব ক্যাম্প স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সারদার আদলে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে আয়োজিত সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলাসংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ অনুষ্ঠিত হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা আজকে একটি সিদ্ধান্ত নিয়েছি, যেটা আগের আলোচনার প্রেক্ষিতে। রঙ্গিখালী ও নোয়াখালীপাড়া—সম্ভবত এই দুই নামে পাহাড় আছে, যেখানে প্রতিনিয়ত বিভিন্নভাবে অপহরণের ঘটনা ঘটে থাকে। সে জায়গায় রামুর ১০ ইনফ্যান্ট্রি (পদাতিক) ডিভিশনের নেতৃত্বে দুটি ক্যাম্প স্থাপন করা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্যাম্পগুলো স্থাপন করা হলে ওই এলাকায় এ ধরনের অপরাধ নির্মূল হবে বলে সবার ধারণা। সেই সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের বাইরে যে ফেন্সিং বা কাঁটাতারগুলো নষ্ট হয়েছে, সেখানে কাঁটাতার পুনর্নির্মাণ করা হবে। লাইটিংয়ের ব্যবস্থা করা হবে। সোলার লাইটের মাধ্যমে পোস্টগুলো স্থাপন করা হবে। আর কিছুদূর পরপর সেখানে সার্কিট ক্যামেরা স্থাপন করা হবে এবং কন্ট্রোল টাওয়ার ও ওয়াচ টাওয়ার নির্মাণ করা হবে। সেটাও আজকের সিদ্ধান্ত।’

তিনি আরও বলেন, ‘অন্যান্য বিষয়গুলো যৌথভাবে অপারেশন টিম এবং তদারকি টিম যার নেতৃত্বে যখন থাকার কথা, সেভাবেই হবে। এই নিয়মিত কার্যক্রমগুলো আমাদের প্রতিনিয়ত সুপারভিশন করতে হয়। সেজন্যই আমাদের এই নিয়মিত মিটিং।’

জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি

এদিকে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সারদার আদলে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ জন্য সেখানে জমি দেখা হচ্ছে।

তিনি বলেন, ‘এরপর আমরা জঙ্গল সলিমপুরসংক্রান্ত একটি মিটিং করেছি। ওই মিটিংয়ে গণপূর্ত মন্ত্রণালয়, সিডিএ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইজিপি থেকে শুরু করে বিজিবি, আর্মি, পুলিশ, ব্যাটালিয়ন, কোস্টগার্ড, এসআরবি—সবাই উপস্থিত ছিলেন।’

জঙ্গল সলিমপুরের উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সেখানে যৌথভাবে কিছু সিদ্ধান্ত নিয়েছি। আর্মড ফোর্সেস ডিভিশনও উপস্থিত ছিল। কারণ আমরা সেখানে সড়ক নেটওয়ার্ক নির্মাণ করছি, যেগুলো তাদের নেতৃত্বে, ইসিবির (ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন) নেতৃত্বে হচ্ছে। এর অগ্রগতি কতটুকু, সেটা আমরা দেখেছি।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এগুলো আমরা সব এমনভাবে সমন্বিতভাবে করছি, যার মধ্য দিয়ে আশা করি জঙ্গল সলিমপুর এলাকার যে কয়েকটি মৌজায় সরকারি জমি আছে—পাহাড় শ্রেণির হোক, খাসজমি হোক—সেগুলো যেন সুশাসনের মধ্যে নিয়ে আসা হয়। আমরা সেই এলাকায় সারদার মতো একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি। সেজন্য জমি দেখা হচ্ছে।’

জঙ্গল সলিমপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারের জন্য সেখানে ৭২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। সেখানে স্থানান্তরিত হবে। আর লিংক রোডের পাশে যে জায়গার অধিবাসীরা বিভিন্ন সময়ে অবৈধভাবে বসতি স্থাপন করেছেন, তাদের কীভাবে পুনর্বাসন করা যায়, সে বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি বলেন, ‘সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো আছে, সেগুলো আমরা পরিচালনা করব। সবকিছু একটা সুশাসনের মধ্যে নিয়ে এসে ওই জায়গাকে সন্ত্রাসের অভয়াশ্রম থেকে মুক্ত করা হবে এবং একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে।’

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘পুলিশ, বিজিবি, র‌্যাবের (বর্তমানে এসআরবি) জন্য এবং আমর্ড পুলিশ ব্যাটালিয়নের জন্য তাদের প্রেজেন্স যাতে সেখানে থাকে, সেজন্য আমরা জায়গা নিয়েছি। সেই জায়গাগুলোতে তারা স্থাপনা নির্মাণ করে ওই এলাকায় সুশাসন নিশ্চিত করবে।’

অপহরণ ঠেকাতেই সেনা ক্যাম্প

রঙ্গিখালী ও নোয়াখালীপাড়া এলাকায় সেনা ক্যাম্প স্থাপনের কারণ ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্যাম্প স্থাপন করা হচ্ছে এই কারণে যে, ওই পাহাড়ি এলাকায় প্রতিনিয়ত অপহরণের ঘটনা ঘটে। অপহরণ করে লোকজনকে সেখানে নিয়ে যায়, মুক্তিপণ আদায় করে। বিভিন্ন রকমের অপহরণের ঘটনা ইতোমধ্যে বহু ঘটেছে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সবার পরামর্শ অনুসারে, কক্সবাজারে যখন আমি মাদকের ওপর মিটিং করতে গিয়েছিলাম, তখনই সিদ্ধান্ত হয়েছে যে এই দুই জায়গায় ক্যাম্প স্থাপন করলে এ ধরনের অপরাধগুলো বন্ধ হতে পারে। পরে সবাই আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। দুটি সেনা ক্যাম্প সেখানে স্থাপন করা হবে ১০ পদাতিক ডিভিশনের অধীনে।’

রোহিঙ্গা ক্যাম্পের ভেতরের অপরাধ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প সংশ্লিষ্ট যে সমস্ত অপরাধ, তার মধ্যে প্রধানত ক্যাম্পের ভেতরে মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর আনাগোনা রয়েছে। আর সাধারণ ক্রাইম বা পেনাল কোডের অধীনে যেসব অপরাধ সংঘটিত হয়, এগুলো নিয়ন্ত্রণের জন্য রেগুলার পুলিশ বাহিনীর কাজের সঙ্গে এপিবিএনের নেতৃত্বে সেখানে সবকিছু পরিচালিত হয়।’

তিনি আরও বলেন, ‘ক্যাম্প সংশ্লিষ্ট বিষয়ে ইদানীং আপনারা লক্ষ্য করেছেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের আইনে আমরা তাদের তদন্তের একটা সুযোগ রেখেছি। এ সমস্ত অপরাধের ক্ষেত্রে তাদের তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে। কারণ আমাদের প্রায় ৪০০ সাব-ইন্সপেক্টর পর্যায়ের কর্মকর্তা এপিবিএনে পোস্টেড আছেন। তাদের তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে এ ধরনের অপরাধ তদন্তের ক্ষেত্রে তারা কাজ করতে পারেন। আগে যেটা ছিল না। এটা সবকিছু মোটামুটি আইনি কাভারেজ এবং সাংগঠনিক সক্ষমতার মধ্য দিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।’

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন অবশ্যই সম্ভব। আন্তর্জাতিক মহলের সহযোগিতায় এবং জাতিসংঘের নেতৃত্বে, সেটা আমরা বিশ্বাস করি। আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে সময় ইতোমধ্যে অনেক অতিবাহিত হয়েছে। সমস্যা অনেক ভারী হয়েছে। আমরা আশা করব, এই সমস্যা থেকে আমরা খুব শিগগিরই মুক্তি পাব।’

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণে কিছুদিন সময়বিস্তারিত পড়ুন

  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • প্রত্যেক ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী