বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপিতে যোগদান করলেন গণঅধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খাঁন

নতুন বাংলাদেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দেশ ও জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন বলে মনে করেন গণঅধিকার পরিষদের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন রাশেদ খাঁন।

রাশেদ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।

এর আগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

রাশেদের যোগদান অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের চারটি ইউনিয়ন) ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। এটা আমাদের দলের সিদ্ধান্ত, আমি আপনাদের জানালাম। সেই সঙ্গে আমি আপনাদের অনুরোধ করবো ঝিনাইদহ-৪ আসনে বিএনপির সকল নেতাকর্মীকে রাশেদ খাঁনের সঙ্গে কাজ করার জন্য, সর্বশক্তি দিয়ে তাকে বিজয়ী করার জন্য।’

অনুষ্ঠানে বিএনপি ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানিয়ে রাশেদ খাঁন বলেন, ‘আমি ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন থেকে আপনাদের সাথেই ছিলাম। কিভাবে রাজপথে সংগ্রাম করেছি তা আপনারা জানেন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের সময় আমার পাশেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, আমি এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আমাদের তিনজনের একসঙ্গে আন্দোলন সমন্বয় করার সুযোগ হয়েছে। বিএনপির সংগ্রামী মহাসচিব ওই সময় গ্রেফতার হন। আমাদের সালাহউদ্দিন আহমদ ভাই ওই সময় ইন্ডিয়ায় থাকলেও এই আন্দোলনকে যেভাবে সমন্বয় করেছেন, আমার ভূমিকা সম্পর্কে আসলে আমি বলতে চাই না, সালাহউদ্দিন আহমদ ভাই জানেন। তিনি বলবেন।’

রাশেদ খাঁন বলেন, ‘আমি এতটুকু বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছে এং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যাকে আমি আদর্শ হিসেবে মনে করি। বর্তমানে বিএনপি নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান, তিনি আমাকে স্নেহ করেন, ভালোবাসেন। ফ্যাসিবাদবিরোধী আমল থেকে তার সঙ্গে আমার সম্পর্ক। আমি মনে করি নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ ও জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন। আমি বিশ্বাস করি সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি রাশেদ খাঁন আজকে বিএনপিতে যোগদান করেছি এবং তারেক রহমানের নেতৃত্বে ইনশা আল্লাহ দেশ এবং জনগণের জন্য সংগ্রাম করে যাবো, কাজ করে যাবো।’

এর আগে নুরের কাছে লেখা পদত্যাগপত্রে রাশেদ খাঁন লেখেন, ‘আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আপনার সাথে রাজপথের সহযোদ্ধা হিসেবে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘসময় আন্দোলন সংগ্রাম ও রাজনীতি করেছি। এই পথচলায় আপনিসহ আপনার সহযোদ্ধারা কেউ আমার আচরণ ও বক্তব্যে কষ্ট পেয়ে থাকলে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি। দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করার বিষয়ে আপনার সম্মতি পাওয়ায় আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেখানেই থাকি আমাদের সম্পর্ক থাকবে মধুর ও ভ্রাতৃত্বের বন্ধনে অটুট। আমি আপনার নিকট দোয়া ও ভালবাসা চাই। ব্যক্তিগত কারণে আমি আজ থেকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করছি। এবং আপনার ও দলের জন্য শুভকামনা ব্যক্ত করছি। দলের সবার জন্য শুভেচ্ছা, দোয়া ও ভালবাসা রইলো।’

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর লেখেন, ‌‘নির্বাচনে জয়লাভের কৌশল হিসেবে দলীয় সিদ্ধান্তে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ধানের শীষ নিয়ে ঝিনাইদহ-৪ থেকে এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর দলীয় প্রতীক ট্রাক নিয়ে পটুয়াখালী-৩ থেকে নির্বাচন করবেন।’

গণঅধিকার পরিষদের একাধিক নেতা জানান, যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে রাশেদকে ঝিনাইদহ-৪ আসন ছেড়ে দিয়েছে বিএনপি। কিন্তু ভোটের মাঠে সেখানে তিনি সুবিধাজনক অবস্থানে নেই। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণঅধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করলে ওই আসনে জয় পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকবে। এমনকি বিএনপিতে যোগ না দিলে আসনটি হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই জয় নিশ্চিতে ধানের শীষ প্রতীকে সেখান থেকে নির্বাচন করতে চান রাশেদ। আর এজন্য বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

ছাত্র-রাজনীতি, সাংবাদিকতা, কূটনীতিক থেকে রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টারবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে ৩ জনকে হ*ত্যা, দায় স্বীকার করে নিষিদ্ধ সংগঠনের খুদে বার্তা

নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কথিত সামরিক কমান্ডার হানিফ তারবিস্তারিত পড়ুন

জামায়াত ক্ষমতায় এলে নারীদের গৃহবন্দি করে রাখা হবে না: আমির

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলেবিস্তারিত পড়ুন

  • মাথা ন্যাড়া ও গোফ কামিয়েও রক্ষা হলো না সাবেক ভূমিমন্ত্রীর
  • আসুন জনগণের প্রত্যাশা পূরণে কাজ করি : তারেক রহমান
  • ঝিনাইদহের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার গ্রেফতার
  • বাংলাদেশে অনুপ্রবেশের পর গ্রেপ্তার, পালানোর সময় ফের ধরা ভারতের পুলিশ সদস্য
  • এমপি আনার হত্যা: ঘুরেফিরে সবকিছুতেই আসছে শাহীনের নাম
  • এমপি আনার হত্যা: গ্যাস বাবুর মোবাইল ফোন উদ্ধারে ঝিনাইদহে অভিযান
  • এমপি আজিম হত্যা: ম্যাজিস্ট্রেট ও বাবুকে নিয়ে মোবাইল উদ্ধারে যাবে ডিবি
  • এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে নতুন যে তথ্য দিলো ডিবি
  • এমপি আনার হত্যা: গ্যাস বাবুর রিমান্ড নামঞ্জুর, ঝিনাইদহে অভিযানের নির্দেশ
  • আ.লীগ নেতা মিন্টুকে গ্রেফতার করে আমরা চাপে নেই: হারুন
  • এমপি আনারকন্যা ডরিনকে ডাকলো ভারতের সিআইডি