সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড়


সাংবাদিকদের নিয়ে একের পর এক আপত্তিকর মন্তব্য, ঠিকাদারদের কাছ থেকে কাজের বিপরীতে কমিশন দাবি, বিকাশে অর্থ লেনদেন এবং সরকারি দপ্তরের গোপনীয় তথ্য বাইরে সরবরাহের অভিযোগ—সব মিলিয়ে সাতক্ষীরার তালা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমানকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
সরকারি দায়িত্বে থেকে একজন কর্মকর্তার বিরুদ্ধে এমন একাধিক অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় ক্ষোভ বাড়ছে স্থানীয় পর্যায়ে।
অভিযোগ রয়েছে, তালায় যোগদানের পর থেকেই বেপরোয়া আচরণ করছেন উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান। সরকারি উন্নয়নকাজের স্বচ্ছতা, অনিয়ম কিংবা দুর্নীতি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে সেসব বিষয়ে জবাব দেওয়ার পরিবর্তে সাংবাদিকদের নিয়েই নানা ধরনের মনগড়া ও আপত্তিকর মন্তব্য করেন তিনি। ফলে প্রশ্ন উঠেছে, সরকারি দায়িত্ব পালনকারী একজন কর্মকর্তা সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে এতটা অসহিষ্ণু কেন? সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে সরকারি উন্নয়নকাজের অর্থনৈতিক লেনদেন নিয়ে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ঠিকাদার অভিযোগ করেছেন, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান যে কাজগুলোর দায়িত্বে থাকেন, সেসব কাজের বিপরীতে তিনি এক শতাংশ হারে টাকা নেন।
ঠিকাদারদের দাবি, শুধু নগদ অর্থ নয়, বিকাশের মাধ্যমেও অর্থ লেনদেন করা হয়। তাঁদের কাছে এ ধরনের লেনদেনের কিছু স্ক্রিনশট সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেছেন তাঁরা।
প্রশ্ন হচ্ছে, সরকারি প্রকল্পের কাজ তদারকির দায়িত্বে থাকা কোনো কর্মকর্তার বিরুদ্ধে যদি এভাবে কমিশন নেওয়ার অভিযোগ ওঠে, তাহলে সেই অভিযোগ তদন্তের উদ্যোগ কোথায়? প্রকল্পের কাজের মান নিশ্চিত করা, বিল ও কাজের অগ্রগতি যাচাই করা এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করাই যেখানে দায়িত্ব, সেখানে কমিশন বাণিজ্যের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।
এদিকে মিজানুর রহমানের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কয়েকজন। তাঁদের দাবি, তাঁর ব্যক্তিগত চাহিদা পূরণ করতে না পারলে সরকারি দপ্তরের অভ্যন্তরীণ চিঠিপত্র ও গোপনীয় তথ্য বাইরে সরবরাহ করা হয়।
সরকারি দপ্তরের গোপনীয় নথি ব্যক্তিগত স্বার্থে বাইরে সরবরাহের অভিযোগ সত্য হলে তা প্রশাসনিক শৃঙ্খলার বড় ধরনের লঙ্ঘন। সরকারি নথি কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়। এসব নথি ব্যবহারের নির্দিষ্ট বিধিবিধান রয়েছে।
জানা গেছে, তালা উপজেলা এলজিইডি কার্যালয়ে যোগদানের আগে মো. মিজানুর রহমান সাতক্ষীরা সদর উপজেলা এলজিইডি কার্যালয়ে কর্মরত ছিলেন। অভিযোগকারীদের দাবি, সেখানেও তাঁর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিলো।
একজন কর্মকর্তার বিরুদ্ধে আগের কর্মস্থল থেকে বর্তমান কর্মস্থল পর্যন্ত ধারাবাহিক অভিযোগ উঠলে সেগুলো খতিয়ে দেখা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়িত্ব।
এছাড়া সাংবাদিকদের কাজ সরকারি দপ্তরের কর্মকাণ্ড, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট অনিয়ম তুলে ধরা। কোনো কর্মকর্তা যদি দায়িত্ব পালনে স্বচ্ছ থাকেন, তাহলে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে আপত্তি থাকার কথা নয়।
অথচ অভিযোগ রয়েছে, মিজানুর রহমান সাংবাদিকদের নিয়ে নানা সময়ে কটূক্তি ও মনগড়া মন্তব্য করেন। এতে জনস্বার্থে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের পরিবেশ নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। সাংবাদিকদের সমালোচনা করার অধিকার তাঁর থাকতে পারে, কিন্তু সেই সমালোচনা অবশ্যই শালীনতা ও পেশাগত দায়িত্ববোধের সীমার মধ্যে হওয়া উচিত।
এতগুলো অভিযোগের পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান পদক্ষেপ না থাকার বিষয়টি নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
তালা এলজিইডির অধীনে বিভিন্ন সড়ক, কালভার্ট ও অবকাঠামো উন্নয়নে সরকারি অর্থ ব্যয় হয়। এসব কাজের সঙ্গে সরাসরি জনস্বার্থ জড়িত। তাই দায়িত্বশীল কোনো কর্মকর্তার বিরুদ্ধে কমিশন গ্রহণ, ক্ষমতার অপব্যবহার কিংবা সরকারি তথ্য ফাঁসের অভিযোগ উঠলে তা ধামাচাপা দেওয়ার সুযোগ নেই।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জেলা ও বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি, মিজানুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। প্রয়োজনে তাঁর দায়িত্বে থাকা প্রকল্পগুলোর নথি, ঠিকাদারদের বিল, কাজের মান এবং অভিযোগে উল্লেখ করা বিকাশ লেনদেন যাচাই করা হোক।
অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আর অভিযোগের সত্যতা না মিললে সেটিও প্রকাশ করা হোক।
কারণ সরকারি পদ কোনো ব্যক্তিগত ক্ষমতার আসন নয়, এটি জনগণের অর্থে পরিচালিত একটি দায়িত্ব। সেই দায়িত্বের আড়ালে অনিয়মের অভিযোগ উঠলে জবাবদিহি নিশ্চিত করতে হবে।
বিষয়টি নিয়ে উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, ঠিকাদাররা আমাদের খুশি করে। আর আমি একটি মানববন্ধন অনুষ্ঠানে এক বক্তব্যে সাংবাদিকদের নিয়ে কথা বলে ছিলাম।
তালা প্রেস ক্লাবের সভাপতি সেলিম হায়দার বলেন, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান যোগদান করার পরে একের পর এক সাংবাদিকদের নিয়ে বাজে মন্তব্য করেন। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেয়নি।
তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার জানান, অল্প বয়স অনেক কথা বলে ফেলে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তবে সাংবাদিকদের নিয়ে বাজে মন্তব্য করা ঠিক নয় বলে দাবী করেন তিনি।
সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, বিষয়টি আমার জানা নেই। উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে ব্যবস্থা নিবো।
খুলনার তত্বাবধায়ক প্রকৌশলী জি, এম, মুজিবর রহমান জানান, বিষয়টি তার জানা নেই। তবে এমন হলে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: দেলোয়ার হোসেন মজুমদার তত্বাবধায়ক প্রকৌশলীর মত একই কথা বলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, নদীর দুই পাড়ে মানুষের ঢল
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নৌকা বাইচ। সেইবিস্তারিত পড়ুন

তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র্যালি ও আলোচনা সভা
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলাবিস্তারিত পড়ুন

তালায় জাতীয় সমবায় দিবস পালিত
“করবো সমবায়,গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ” এ প্রতিপাদ্য সামনে রেখে তালায় ৫৫তম জাতীয়বিস্তারিত পড়ুন


