বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চাল-চিনি ও তেলে এখনো অস্বস্তি, কমেছে সবজির দাম

শীতের সবজির ভরা মৌসুম শুরু হয়েছে। বাজারেও শীতের সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে। সরবরাহ বাড়ায় কমেছে দাম। তবে নিত্যপ্রয়োজনীয় চাল, আটা, তেল, চিনি ও ডাল বিক্রি হচ্ছে আগের মতোই চড়া দামে।

সরেজমিনে শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর একাধিক বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এক সপ্তাহ আগের তুলনায় কিছু সবজির দাম কেজিপ্রতি ২০ টাকা পর্যন্ত কমেছে। সবজির দাম কমায় স্বস্তি মিলেছে ক্রেতাদের।

তবে ক্রেতারা বলছেন, খুচরা বাজারে সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কম। তবে অনেক নিত্যপণ্যের দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। বিশেষ করে আমনের নতুন ধান বাজারে এলেও চালের দাম না কমায় অস্বস্তির কথা বলছেন ভোক্তারা।

রাজধানীর তালতলা মার্কেটের কাঁচাবাজারে কথা হয় শাহিন হাওলাদার নামের এক ক্রেতার সঙ্গে। তিনি পেশায় বাসচালক। শাহীন হাওলাদার বলেন, সবজির দাম কমেছে, সেটা ভালো। কিন্তু মোটা চালের দামও এখনো আকাশছোঁয়া। তেল, চিনি, ডালের দামও বাড়ার পর আর কমছে না। আমাদের মতো নিম্নবিত্তের মানুষেরা সংসার চালাতে হিমশিম খাচ্ছি।

মজিদ নামের অন্য এক ক্রেতা বলেন, শীতকালই শাক-সবজির জন্য উপযুক্ত সময়। এরই মধ্যে শীতকালীন সব ধরনের সবজি বাজারে আসতেও শুরু করেছে। সে কারণে দামও কমেছে। কিন্তু এখন চালের দাম নিয়েই সবচেয়ে বেশি আতঙ্ক। আমনের ভরা মৌসুমেও চালের বাজারে আগুন। মোটা চালের দামও নাগালের বাইরে। মানুষ কী খেয়ে বাঁচবে!

হাজিপাড়া বউবাজার ঘুরে দেখা গেছে, শিম ও নতুন আলু কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। গেল কয়েক সপ্তাহ যা ছিল ৬০ থেকে ৮০ টাকার ঘরে। কাঁচা টমেটো বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি। এক সপ্তাহ আগেও যা ছিল ৬০ টাকার ওপরে।

এছাড়া শীতকালীন শালগম বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি। গত সপ্তাহে এ সবজির দাম ছিল ৫৫ থেকে ৬০ টাকা। বাঁধাকপি ও ফুলকপির দামও কমেছে। বড় সাইজের একেকটি বাঁধাকপি বা ফুলকপি পাওয়া যাচ্ছে ২৫ থেকে ৩০ টাকার মধ্যে।

এই বাজারের বিক্রেতা সবুজ মিয়া বলেন, বাজারে এখন প্রচুর শীতের সবজি রয়েছে। প্রায় সব ধরনের সবজির সরবরাহ বেশ ভালো। ফলে শীতকালীন সবজির দাম এখন কমতির দিকে। শীতের সবজির দাম কমার কারণে সারা বছর পাওয়া যায় এমন সবজিগুলোর দামও ৫০ থেকে ৬০ টাকার মধ্যে নেমেছে। যা গত সপ্তাহেও ৬০ থেকে ৮০ টাকা ছিল। সরবরাহ বাড়লে সবজির দাম আরও কমতে পারে বলে জানান তিনি।

অন্যদিকে জানা যায়, গত দুই সপ্তাহে চালের দাম বেড়েছে কেজিপ্রতি ২ থেকে ৫ টাকা পর্যন্ত। বেড়েছে আটার দামও। খোলা আটার কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা এবং প্যাকেটজাত আটার কেজি ৭০ থেকে ৭৫ টাকা। চিনির বাজারে অস্থিরতা এখনো কাটেনি। বেশিরভাগ দোকানে প্যাকেটজাত চিনি মিলছে না। কিছু দোকানে খোলা চিনি পাওয়া গেলেও বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে। সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৯০ টাকা লিটার আর মসুর ডাল মানভেদে ১২০ থেকে ১৫০ টাকা কেজি।

তবে ক্রেতাদের জন্য স্বস্তি ফিরেছে ডিমের দামে। প্রতি ডজন ডিম এখন বাজারে পাওয়া যাচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। যা কয়েক সপ্তাহ আগেও ছিল ১৫০ টাকা পর্যন্ত।

মাছ-মাংসের বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার ও সোনালী মুরগির দাম কিছুটা কমেছে। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা দরে। সোনালী মুরগির কেজি ২৪০ থেকে ২৫০ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। বাজারভেদে ৭০০ থেকে ৭৫০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। একইভাবে সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের মাছের দামও অপরিবর্তিত থাকতে দেখা গেছে।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্রবিস্তারিত পড়ুন

স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালিয়ে তিন বাহিনীর বিশেষবিস্তারিত পড়ুন

স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল

নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি অথবাবিস্তারিত পড়ুন

  • দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী
  • বিদেশে যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেপ্তার : শামা ওবায়েদ
  • ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয়ের কিছু নেই : এসআরবি
  • বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার
  • সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
  • ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত
  • ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী
  • তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ
  • এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ
  • প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির
  • হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময় বেঁধে দিলো মন্ত্রণালয়