শেখ হাসিনা সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোজেনা


ভারতে শেখ হাসিনার অবস্থান যেন বাংলাদেশের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ককে নিয়ন্ত্রণ করতে না পারে, সে বিষয়ে সতর্ক করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মোজেনা। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যতের কারণে বাংলাদেশের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে দেওয়া উচিত নয়।
বাংলাদেশের একটি ইংরেজি সংবাদমাধ্যম সঙ্গে সাক্ষাতকারে মোজেনা বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।
বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে অবশ্য কিছুটা স্পষ্ট মন্তব্য করেছেন মোজেনা।
এ বিষয়ে জানতে চাইলে প্রথমে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি তিনি। তিনি বলেন, শেখ হাসিনা ও তার ভূমিকা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে আওয়ামী লীগের লাখ লাখ বর্তমান ও সাবেক সদস্য রয়েছেন।’
পরে হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সুনির্দিষ্টভাবে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে নিশ্চিত করে বলা কঠিন। তবে আমার ব্যক্তিগত ধারণা, তার সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে।
তবে রাজনৈতিক আলোচনায় হাসিনার উপস্থিতি অব্যাহত থাকতে পারে বলে মনে করেন তিনি।
মোজেনা বলেন, এর অর্থ এই নয় যে তার কাছ থেকে আর কোনো বক্তব্য শোনা যাবে না। তবে ক্ষমতার সর্বোচ্চ আসনে বসার ক্ষেত্রে আমার ধারণা, সেটি আর হবে না।
এ সময় শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং আওয়ামী লীগের ভবিষ্যৎকে আলাদা করে দেখার বিষয়টিও স্পষ্ট করেন তিনি। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের আগে টানা ১৫ বছরের বেশি সময় দেশ শাসন করেছে দলটি।
তবে শেখ হাসিনাকে ভারতের প্রত্যর্পণ করা উচিত কি না, সে বিষয়ে মন্তব্য করতে চাননি মোজেনা।
তিনি বলেন, ভারতের কী করা উচিত বা উচিত নয়, সে বিষয়ে আমার বিশেষ কোনো ধারণা নেই। আমি এই বিষয়টি নিয়ে আলোচনায় যেতে চাই না।
বরং বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেটিকেই গুরুত্বপূর্ণ মনে করেন তিনি।
মোজেনা বলেন, শেখ হাসিনা এখন আর কোনো কিছুর প্রধানমন্ত্রী নন। তিনি দিল্লির কোথাও বসে নিজের মতো কাজ করছেন, নানা লেখা লিখছেন।
তিনি আরও বলেন, ঠিক আছে, তাকে নিয়ে ব্যস্ত না হয়ে এসব উপেক্ষা করুন এবং বাংলাদেশের স্বার্থ এগিয়ে নেওয়ার কাজে মনোযোগ দিন।
সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোজেনা বলেন, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদার ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনাকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি জিম্মি করতে দেওয়ার পক্ষে তিনি নন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা নন, বাংলাদেশের জনগণই সবার আগে।
২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা এই কূটনীতিক বলেন, তাঁর শাসনামলে অনেক মানুষের মধ্যে গভীর ক্ষোভ ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে, যা সহজে ভুলবার নয়।
মোজেনা বলেন, ওই সরকারের হাতে অনেক মানুষ ভয়াবহভাবে নির্যাতিত হয়েছেন। এসব ঘটনা এমন নয় যে চাইলেই সবকিছু মুছে যাবে।
তবে তার মতে, শেখ হাসিনাকে ঘিরে রাজনৈতিক ক্ষোভের বাইরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের দিকে মনোযোগ দিতে হবে।
তিনি বলেন, একজন নেতার দায়িত্ব হলো তার দেশের স্বার্থ এগিয়ে নেওয়া। তারেক রহমানকেও সেই দায়িত্ব পালন করতে হবে।
এ জন্য সীমান্ত, বাণিজ্য, পানিবণ্টন, অভিবাসন এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতের সঙ্গে কাজ করতে হবে বলে মনে করেন তিনি।
মোজেনা বলেন, এসব সমস্যা থেকেই যাবে। তাই এগুলো মোকাবিলায় আপনাকে যোগাযোগ ও আলোচনার পথ খুঁজে বের করতে হবে।
২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার দিল্লিতে অবস্থান দুই প্রতিবেশী দেশের সম্পর্কে টানাপোড়েনের অন্যতম কারণ হয়ে উঠেছে। হাসিনাকে ভারতে অবস্থান করতে দেওয়া এবং সেখান থেকে তার রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। দেশে ফেরার বিষয়ে তার বিভিন্ন বক্তব্যও অনিশ্চয়তা বাড়িয়েছে।
ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কের ক্ষেত্রে হাসিনা বাধা হয়ে উঠেছেন কি না, এমন প্রশ্নের জবাবে মোজেনা বলেন, হ্যাঁ, স্বাভাবিকভাবেই তাই হওয়ার কথা।
হাসিনার সরকারের পুরো সময় বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করায় তার শাসনপদ্ধতি সম্পর্কে ভালো ধারণা রয়েছে বলেও জানান মোজেনা। তার ভাষায়, বাংলাদেশে আমার কাটানো পুরো সময়ই ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে। তাই তার শাসনপদ্ধতি সম্পর্কে আমি যথেষ্ট জানি। তিনি যে ক্ষতি ও তিক্ত অনুভূতি রেখে গেছেন, তা আমি বুঝতে পারি।
তবে এসব ক্ষোভকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে না দেওয়ার আহ্বান জানান তিনি।
তথ্যসূত্র: ডেইলি ওয়াদা
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যালবিস্তারিত পড়ুন

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান
রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগবিস্তারিত পড়ুন

পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী: মীর শাহে আলম
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলারবিস্তারিত পড়ুন


