শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে : পুলিশ


শ্রমিকদের উসকানি দিয়ে সাভার ও আশুলিয়ার পোশাকশিল্পাঞ্চলের আন্দোলনকে আরও ভয়াবহ রূপ দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি করেছে পুলিশ। আন্দোলনের পেছনে বিভিন্ন সংগঠন ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের সম্পৃক্ততা রয়েছে বলেও মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে শ্রমিকদের মজুরির দাবিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। এ সময় বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। একপর্যায়ে সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। পরে বেলা সোয়া ১২টার দিকে তাঁরা সড়ক থেকে সরে যান।
সকাল থেকে আশুলিয়ার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া। তিনি বলেন, সকালে আশুলিয়ার চারাবাগ এলাকায় কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করায় শ্রমিকেরা সড়কে নেমে আসেন। পরে তারা শান্তিপূর্ণভাবে সেখান থেকে চলে যান। তবে একই সময়ে সাভারে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করায় শ্রমিকেরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন।
তিনি আরও বলেন, হেমায়েতপুর, রাজফুলবাড়িয়া, ডেলিকেট গার্মেন্টসের সামনে এবং ব্যাংকটাউন এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পরে শিল্প পুলিশ, ঢাকা জেলা পুলিশ ও বিজিবি সম্মিলিতভাবে প্রয়োজনীয় বল প্রয়োগ করে এসব এলাকার সড়ক অবরোধ তুলে দেয়। এ সময় কোথাও যানজটের সৃষ্টি হয়নি।
শিল্প পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, পদ্দার মোড় এলাকায় একটি গার্মেন্টসের সামনে কিছু বহিরাগত ও সাবেক শ্রমিক এসে কারখানার ফটক আটকে দেন। পরে তাঁদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে আশুলিয়ার কোথাও কোনো সংঘর্ষের ঘটনা নেই।
শিল্প পুলিশের এই কর্মকর্তা জানান, আজ সাভার ও আশুলিয়া এলাকায় শিল্প পুলিশের ৬০০-এর বেশি সদস্য দায়িত্ব পালন করছেন। শ্রমিকেরা কাজে যোগ না দেওয়াসহ বিভিন্ন কারণে আরও প্রায় ২০টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে।
তিনি বলেন, কিছু শ্রমিক সড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের সরিয়ে দিচ্ছে। এ ক্ষেত্রে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করা হচ্ছে। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছেন। বিভিন্ন কারখানায়ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কারখানার ফটকসহ বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কতজন আহত হয়েছেন, সে তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
দুপুরের দিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, “সকাল থেকেই পরিস্থিতি কিছুটা উত্তপ্ত। গতকাল শ্রমিকেরা তাঁদের দাবি মেনে নেওয়া হয়নি বলে। তবে আমি বারবার একটি কথা বলে আসছি, এখানে শুধু শ্রমিকেরা নন, তাঁদের সঙ্গে বিভিন্ন সংগঠন ও নিষিদ্ধ সংগঠনের লোকজনও যুক্ত হয়েছেন। তাঁরা শ্রমিকদের উসকানি দিয়ে এই গার্মেন্টস আন্দোলনকে আরও ভয়াবহ রূপ দেওয়ার চেষ্টা করছেন। আমরা কঠোর হস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি। আপনারা দেখেছেন, সকাল থেকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যানবাহন চলাচল বন্ধ এবং সড়ক অবরোধের চেষ্টা করা হয়েছে। আমরা তাঁদের সেখান থেকে সরিয়ে দিয়েছি। এখনো যান চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা অবশ্যই শনাক্ত করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা গ্রেপ্তারও করেছি। আপনারা জানেন, এ পর্যন্ত ১১৭ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। অচিরেই আমরা ঘটনার মূল হোতাদেরও গ্রেপ্তার করতে পারব।
তিনি বলেন, সাভার মডেল থানায় এ ঘটনায় মোট ১১টি মামলা হয়েছে। এসব মামলায় ১১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা যে কাজ করতে যাই, তাতে আহত হওয়ার আশঙ্কা থাকেই। তবে আপনারা জানেন, আমরা অত্যন্ত ধৈর্যসহকারে পরিস্থিতি মোকাবিলা করছি। আমরা কোনো ধরনের প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করছি না। পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী আমরা শ্রমিকদের নিজেদের ভাই মনে করে দায়িত্ব পালন করছি। তবে যারা উসকানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা আইনের মধ্যে থেকেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। শ্রমিকদের মজুরির দাবিকে কেন্দ্র করেই এই আন্দোলন। তবে এই আন্দোলনের পেছনে অন্য কোনো উসকানিদাতা, ইন্ধনদাতা এবং নিষিদ্ধ সংগঠনের সক্রিয়তা রয়েছে বলে আমরা ধারণা করছি। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি এবং ইতিমধ্যে অনেকটাই নিয়ন্ত্রণে এনেছি। আপনারা জানেন, এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। আমরা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সমাধানের চেষ্টা করছি। অচিরেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। সাভারে দুটি প্লাটুন বিজিবি রয়েছে। আমাদের মূল লক্ষ্য দুষ্কৃতকারীদের আটক করা, তাদের বিতাড়িত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা।”
এদিকে সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখা আন্দোলনকারীরা বেলা সোয়া ১২টার দিকে সড়ক থেকে সরে যান। বেলা সাড়ে ১২টার দিকে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের দেশে-বিদেশে থাকা ১ হাজারবিস্তারিত পড়ুন

প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ
দীর্ঘ প্রতীক্ষা ও নানা পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলোবিস্তারিত পড়ুন

সংসদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক
শারীরিকভাবে অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদবিস্তারিত পড়ুন


